উচ্চাভিলাষী বাজেটের সময় এটা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে প্রাধান্য দিয়ে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রণয়ন করতে হবে। তাই এই বাজেট উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নযোগ্য, লক্ষ্যনির্ভর হওয়া উচিত। উচ্চাভিলাষী বাজেট প্রণয়নের সময় এটা নয়।গতকাল মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।বিশিষ্ট অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন আলোচনায় অংশ নিয়ে এ সময় বলেন, বিদেশি সহায়তা ও ভোটারদের চাওয়া—রাজনৈতিক-অর্থনীতির এই দুটি ক্ষেত্রেই বর্তমান সরকার ব্যর্থ। ভোটাররা কী চায়, সেটা এই সরকার বুঝতে পারছে না। আবার কাঙ্ক্ষিত হারে বিদেশি সহায়তাও আসছে না।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের অধ্যাপক মামুন রশীদ। ড. মির্জ্জা আজিজুল ইসলাম তাঁর বক্তব্যে আগামী বাজেটের জন্য চারটি সুপারিশ করেন। এগুলো হলো: জাতীয় রাজস্ব বোর্ডবহির্ভূত (এনবিআর) রাজস্ব আদায় বৃদ্ধি, শুল্ক স্তর পুনর্বিন্যাস, সরকারি ব্যয় আরও যৌক্তিকীকরণ এবং ভর্তুকির খাতগুলো পুনর্বিন্যাস।মির্জ্জা আজিজ আরও বলেন, কর প্রশাসনের দুর্বলতার কারণে দুর্নীতির সুযোগ তৈরি হয়। বর্তমান কর প্রশাসন ও কর প্রদান প্রক্রিয়ার কারণে দুর্নীতি উৎসাহিত হচ্ছে। এর সঙ্গে রাজস্ব কর্মকর্তারাও জড়িত। এ ছাড়া বাংলাদেশের করের জগৎটা বেশ জটিল।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, বিদ্যমান বাজেট প্রণয়নের পদ্ধতি ত্রুটিপূর্ণ। বাংলাদেশের বাজেট অত্যন্ত কেন্দ্রীভূত, সংবিধানের পরিপন্থী। এ ছাড়া বাজেট ঘোষণার পর সেটা নিয়ে সংসদে খুব একটা আলোচনাও হয় না। বাজেট প্রণয়নের পদ্ধতি ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী বাজেটের অন্যতম বড় একটা চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এ ছাড়া দারিদ্র্য বিমোচন ও আয়বৈষম্য রোধকে প্রাধান্য দিতে হবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, আগামী বাজেট উচ্চাভিলাষী হওয়া উচিত নয়। উচ্চাভিলাষী বাজেট প্রণয়নের সময় এটা নয়। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে সমান্তরালভাবে অর্থনীতিবিদদের একটি প্যানেল গঠনের পরামর্শ দিয়ে তিনি বলেন, এ দেশের অর্থনৈতিক সুশাসন অর্থনীতিবিদদের হাতে নেই।নতুন ব্যাংক সম্পর্কে ড. বিনায়ক সেন বলেন, বর্তমান তারল্যসংকটে নতুন ব্যাংকগুলো নতুন আমানত সংগ্রহ ও নতুন আর্থিক পণ্য দিতে পারবে কি না, সেটাই দেখার বিষয়। রাজনৈতিক বিবেচনায় ১৯৮২ সাল থেকেই ব্যাংক দেওয়া হচ্ছে। তবে মূল প্রশ্ন হলো, যে চাহিদার কারণে নতুন ব্যাংক দেওয়া হচ্ছে, সেটা পূরণ করতে পারছে কি না। পুঁজিবাজারকে বর্তমান সরকারের দুর্বল জায়গা হিসেবে মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি ব্যয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর, সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী প্রমুখ।