উচ্ছিষ্ট মাড়িয়ে
ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের পাশে মিরপুর সড়কের ওপর থাকা ফুটওভারব্রিজের ওপর ঘাস জমে গেছে। এর ওপর এখানে-সেখানে আবর্জনাও দেখা গেল। আবর্জনার মতো কিছু অনাকাঙ্ক্ষিত বাধার কারণেও নগরের অনেকে ফুটওভারব্রিজ এড়িয়ে চলে। ধরা যাক সুরিটোলা ফুটওভারব্রিজের কথাই। এর সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় প্রান্তে সিঁড়ির নিচে রয়েছে আবর্জনার স্তূপ। আবার ব্রিজের ওপরেও আছে আবর্জনা। শুকনো কোনো আবর্জনা নয়, মানুষের মল দেখা গেল সদরঘাট ও আসাদগেট ফুটওভারব্রিজে। এ বিষয়ে বাংলাবাজারের বাসিন্দা ইব্রাহিম হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, ‘নগরের অনেক ফুটওভারব্রিজ বিজ্ঞাপনের বোর্ড আর পর্দায় ঢাকা থাকায় ভবঘুরেদের মল ত্যাগ করতে সুবিধা হয়।’ এদিকে মিরপুর ১ নম্বর সেকশন মোড় ফুটওভারব্রিজ, উত্তরার আজমপুর ফুটওভারব্রিজ, খিলক্ষেত ফুটওভারব্রিজ, বনানী-কাকলী ফুটওভারব্রিজে আবর্জনার ওপর দিয়েই চলতে হয় পথচারীদের। এসব ফুটওভারব্রিজ যে দীর্ঘদিন ঝাড়ুর ছোঁয়া পায় না, তা দেখেই আঁচ করা যায়। উত্তরা থেকে বনানী পর্যন্ত ফুটওভারব্রিজগুলো যে ঝাড়ুর ছোঁয়া পায় না, তা ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা স্বীকার করেছেন। তাঁদের সাফাই হচ্ছে, ওই সড়কটির দেখভাল করে ঢাকা সড়ক বিভাগ (সওজ)। এ জন্য তাঁরা ওই সড়কের ফুটওভারব্রিজগুলো পরিচ্ছন্ন করেন না। আবার লোকবল না থাকায় ঢাকা সড়ক বিভাগ পরিচ্ছন্নতার কাজটি করছে না বলে তাঁরা জানান। এদিকে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার্স স্কুলের সামনের ফুটওভারব্রিজটিতেও জমছে আবর্জনা। অথচ এই স্কুলের শিক্ষার্থী হামীম সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর সেটি ঝকঝকে-তকতকে করা হয়েছিল। শুধু আবর্জনা নয়, ফুটওভারব্রিজে চলতে গিয়ে আরও নানা বাধার মুখে পড়তে হয় পথচারীদের। মৌচাক মার্কেটের পাশের ফুটওভারব্রিজের সম্প্রতি সম্প্রসারিত অংশের ওপর থেকে সরানো হয়নি ইন্টারনেট সেবাদাতাদের তার। ফলে এর সিঁড়ির একটা অংশে পথচারীদের মাথা নিচু করে চলতে হয়েছে কিছুদিন। সম্প্রতি সেই তার একটি খুঁটির সঙ্গে বেঁধে সরিয়েছে কর্তৃপক্ষ। তবে সেই ফস্কা গেরো কবে যে আবার ছুটে তার চলে আসবে সিঁড়ির দিকে, তা নিয়ে আশঙ্কার কথা জানান পথচারীরা। তারের এমন উৎপাত খানিকটা আছে ফার্মগেটের প্রধান ফুটওভারব্রিজের হলিক্রস কলেজের পাশের প্রান্তে। তবে সদরঘাট ফুটওভারব্রিজের আড়াআড়িভাবে থাকা তার পথচারীদের জন্য বড় রকমের বিপদ ডেকে আনতে পারে। কেননা, এখানে সদরঘাটমুখী প্রান্তে ফুটওভারব্রিজের সিঁড়ির গোড়ায় একটি বৈদ্যুতিক খুঁটি মাঝখানে ভেঙে গেছে। সেই খুঁটির ঝুলে থাকা তার এড়াতে এখানে পথচারীদের বেশ কসরত করে পথ চলতে হয়।