রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনহীন আবাসন প্রকল্পের যেসব সাইনবোর্ড-বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছিল, অনেক স্থানে আবার সেগুলো টানানো হয়েছে। অভিযানের খবর পেয়ে অনেক এলাকায় বিলবোর্ড নামিয়ে পরে আবার স্থাপন করা হয়।গত ৮ জুন হাইকোর্ট রাজউককে অনুমোদনহীন বেসরকারি আবাসন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বিক্রির সব বিজ্ঞাপন বন্ধ করতে এবং সাইনবোর্ড-বিলবোর্ড অপসারণ করার নির্দেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে রাজউক ২১ জুন থেকে অভিযান শুরু করে। রাজউকের নগর পরিকল্পনা বিভাগের পরিচালক জহুরুল হক প্রথম আলোকে বলেন, বিলবোর্ড-সাইনবোর্ডের বিরুদ্ধে অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় এক হাজার ২০০ ছোট-বড় সাইনবোর্ড-বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।হিসাব বিভাগ সূত্র জানায়, উচ্ছেদকাজে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়। এক দিনে একটি অভিযানকারী দলের খরচ হয় গড়ে ৩০ হাজার টাকা। একাধিক দল অভিযান চালায়। প্রচুর টাকা খরচ হলেও এই টাকা বিলবোর্ড-সাইনবোর্ড স্থাপনকারীদের কাছ থেকে নেওয়ার বিধিবিধান এখনো হয়নি।রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, রাজউক যে অভিযানে নেমেছে, তা চলমান প্রক্রিয়া। যেসব বিলবোর্ড বা সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে, সেগুলো স্থাপন করা হলে অবশ্যই আবার উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে রাজউকের ভূমিকা হবে আরও কঠোর।আবার বিলবোর্ড: গত ২৯ জুন রাজউকের অভিযানকারী দল কেরানীগঞ্জ এলাকায় বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদ করে। ওই দিন দক্ষিণ কেরানীগঞ্জে নাজিরের বাজার এলাকায় রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্পসংলগ্ন সবুজ ছায়া আবাসন প্রকল্পের পাঁচটি সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। গত শনিবার সেখানে আবার সাইনবোর্ড টানাতে দেখা যায়।তিন দিনের টানা অভিযানে পর্যায়ক্রমে কেরানীগঞ্জের তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এইম মডেল টাউন, স্বপ্নধারা মডেল টাউন, মুজাহিদ নগর মডেল টাউন, ঢাকা-মাওয়া সংযোগ সড়ক এলাকায় বুড়িগঙ্গা স্যাটেলাইট সিটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানির (বিডিসি) সাউথ টাউন প্রকল্পের বৈদ্যুতিক নিয়ন সাইনবোর্ড, আবদুল্লাহপুর চর গুলগুলিয়া এলাকায় ডেসটিনি সিলভার টাউনের বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এগুলোরও কিছু কিছু বিলবোর্ড আবার টানানো হয়েছে। একই অবস্থা মোহাম্মদপুর বেড়িবাঁধ, মিরপুর প্রভৃতি এলাকায়। ২১ জুন অভিযান চালিয়ে মিরপুর ১২ নম্বর সেকশনের এন এম হাউজিং লিমিটেডের সাগুফতা আবাসিক প্রকল্প, চিড়িয়াখানার কাছে নাসিম সিটি প্রকল্প ও তামান্না লিমিটেডের বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এ ছাড়া মিরপুর বোটানিক্যাল গার্ডেন, বেড়িবাঁধ, সিন্নিরটেক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। সাইনবোর্ড ও বিলবোর্ডগুলো ছিল প্রিন্স সিটি, জনক-জননী রিয়েল এস্টেট প্রকল্প, আলতাসা গ্রুপের গ্রিন মডেল টাউন, সারিয়া রিয়েল এস্টেট প্রকল্প, আস্থা রিয়েল এস্টেট, অনামিয়া রিয়েল এস্টেট, কৃষিবিদ গার্ডেন সিটি, স্বর্ণদ্বীপ গার্ডেন সিটি, কৃষিবিদ ওয়েলফেয়ার, বিশ্বাস বিল্ডার্সের বিশ্বাস লেক সিটির। সম্প্রতি সেখানে নতুন করে পাঁচটি কোম্পানির বিলবোর্ড টানাতে দেখা যায়। কৌশল: রাজউকের অভিযানের আগেই কয়েকটি আবাসন কোম্পানি বিভিন্ন এলাকা থেকে তাদের সাইনবোর্ড-বিলবোর্ড সরিয়ে নেয়। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু সড়কের কদমতলী এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে তানশীর সিটি, সবুজ ছায়াসহ বিভিন্ন প্রকল্পের বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়। অভিযানকারী দল এসব বিলবোর্ডের নাগাল পায়নি। কিন্তু চলতি মাসের শুরুতেই আবার টানানো হয় এসব বিলবোর্ড। কদমতলী তানাকা পেট্রলপাম্প ভবনের ওপর তানশীর প্রপার্টি লিমিটেডের তানশীর সিটির বিলবোর্ড, একই এলাকায় ঢাকা-নবাবগঞ্জ সড়কের দক্ষিণ পাশে ডাকপাড়ার কাছে সবুজ ছায়া আবাসন প্রকল্প লিমিটেডের সবুজ ছায়া বিজ্ঞাপনী বিলবোর্ড, হাসনাবাদ জেনারেল হাসপাতালের ভবনের ওপর নিউ ঢাকা সিটি আবাসন প্রকল্পের বিলবোর্ড, একই এলাকায় আনছার উদ্দিনের তৃতীয় তলা ভবনের ছাদের ওপরে নাসিম রিয়েল এস্টেট লিমিটেডের নাসিম ডিজিটাল টাউনের বিলবোর্ড, ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আর এস এ রিয়েল এস্টেটের ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনের বিলবোর্ড, ঢাকা-মাওয়া সংযোগ সড়কের উত্তর পাশে আর্কস প্রপার্টিজ লিমিটেডের ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনের বিলবোর্ড, ঢাকা-নবাবগঞ্জ সড়কের নেকরোজবাগ এলাকায় মাওলানা রিয়েল এস্টেটের জমি বিক্রির দুটি সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে।এ বিষয়ে জানতে চাইলে তানশীর প্রপার্টির ব্র্যান্ড ব্যবস্থাপক গোলাম জিলানী বলেন, কেরানীগঞ্জে তাঁদের আবাসন প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র রাজউকে জমা দেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।তবে রাজউকের বোর্ড সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, রাজউকের অনুমোদনের আগে কোনো প্রকল্পেরই সাইনবোর্ড-বিলবোর্ড প্রদর্শন, এমনকি বিজ্ঞাপন প্রচার অবৈধ।সবুজ ছায়া আবাসন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আশা বেগম কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। তিনি এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক বা সংশ্লিষ্ট পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন। তবে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।