উচ্ছেদ ঠেকাতে অভিনব প্রতিবাদ (ভিডিও)
কর্তৃপক্ষের উচ্ছেদ নোটিশের প্রতিবাদ জানিয়ে ১৬ ব্যক্তি গলা থেকে দেহের বাকি অংশ মাটির নিচে পুঁতে রেখেছেন। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ায়। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে আজ বুধবার এ কথা জানা গেছে।খবরে বলা হয়, অবৈধভাবে বাস করায় কলাম্বিয়ার আগুয়াচিকা শহরের প্রায় ৩০০ পরিবারকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়। বাসিন্দারা বলেছে, তারা ওই স্থান ছেড়ে যাবে না।রয়টার্সের এক ভিডিওচিত্রে পাওলা ক্যাসটিলো নামের এক প্রতিবাদকারীকে বলতে দেখা যায়, ‘আমরা সমস্যার সমাধান চাই। আমরা চাই আমাদের নিয়ে কী হয়েছে, সে ব্যাপারে কর্তৃপক্ষ যেন সত্য কথাটা বলে। আমরা সঠিকভাবে ও শান্তিতে থাকতে চাই।’ মাটির নিচে থাকতে থাকতে কয়েকজন প্রতিবাদকারী ক্লান্তি ও পানি শূন্যতায় ভুগলে ‘প্যারামেডিকেল’ দলকে খবর দেওয়া হয়।পরিবারগুলো বলেছে, কর্তৃপক্ষ উচ্ছেদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে অভিনব এ প্রতিবাদ কর্মসূচিতে আরও বাসিন্দা যোগ দেবে।এদিকে বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, কলম্বিয়ার প্রেসিডেন্ট গরিবদের জন্য বিনা মূল্যে আবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই অংশ হিসেবে ওই স্থানে কর্তৃপক্ষ নিম্ন আয়ের মানুষের জন্য দুই হাজার ঘর তৈরি করার সিদ্ধান্ত নেয়। সে কারণেই কর্তৃপক্ষ কয়েক মাস ধরে অবৈধভাবে বসবাসকারী ওই ৩০০ পরিবারকে উচ্ছেদের নোটিশ দেয়।