উচ্ছেদ নিয়ে পুলিশ-বাসিন্দা সংঘর্ষ, আহত ৫০
নারায়ণগঞ্জের রেলওয়ে কলোনিতে উচ্ছেদ কার্যক্রমের ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিক, বাসিন্দাসহ অন্তত ৫০ জন আহত হন।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালাতে আজ সকাল ১০টার দিকে একটি দল শহরের রেলওয়ে কলোনির কাছে সিরাজউদ্দৌলা সড়কের ফ্রেন্ডস মার্কেটের সামনে যায়। এই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে বুলডোজার ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে বুলডোজারের চালক ও তাঁর সহকারী আহত হন।পরে পুলিশ রেলওয়ে কলোনির বাসিন্দাদের লাঠিপেটা করে। বাসিন্দাদের পাল্টা ধাওয়ায় পুলিশ একপর্যায়ে কিছুটা পিছু হটে। র্যাব ও পুলিশ আবারও বাসিন্দাদের ছত্রভঙ্গ করে দেয়। এভাবে দফায় দফায় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলার পর বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে পুলিশের নয় সদস্য, সাংবাদিক, বাসিন্দাসহ অন্তত ৫০ জন আহত হন।সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত সিরাজউদ্দৌলা সড়কের দুই পাশের বেশির ভাগ দোকান-পাট বন্ধ থাকে, এ সময় যান চলাচল করেনি।উচ্ছেদ কার্যক্রমকে কেন্দ্র করে সৃষ্ট অবস্থা সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদার প্রথম আলো ডটকমকে বলেন, কলোনির বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে তারা সরে না যাওয়ায় তাদের উচ্ছেদ করতে অভিযান চালানো হয়। কলোনির বাসিন্দারা উচ্ছেদকারী দলের ওপর হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে ২১টি রাবারের গুলি ও ১২টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। এ সংঘর্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দুই উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের নয়জন সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান। সংঘর্ষের ঘটনায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।