ঢাকার সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় গতকাল বৃহস্পতিবার আবারও উচ্ছেদকর্মীদের ওপর হামলা চালিয়েছে দখলদারেরা। এ সময় উচ্ছেদকর্মী ও পুলিশের সঙ্গে দখলদারদের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষে পুলিশসহ ১১ জন আহত হয়।ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয় বেলা ১১টায়। গতকাল সোয়ারীঘাটে মাছঘাট মার্কেট, ছোটকাটরার বগু মিয়ার মার্কেট, চম্পাতলীর কোরবান আলী মার্কেটের ৪৩টি আধাপাকা দোকান, তিনটি দোতলা ভবন এবং ২৪টি টঙঘরসহ মোট ৮৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।সোয়ারীঘাট মাছঘাট পরিচালনাকারী কমিটির সভাপতি মো. আবুল হাসনাত বলেন, ‘মাছঘাট এলাকার ১৬টি দোকান আমরা ভাড়া দিয়েছি। আমাদের বৈধ কাগজপত্র রয়েছে এবং খাজনা দিয়ে আসছি। আগে থেকে কোনো নোটিশ না দিয়েই দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে।’বেলা পৌনে তিনটার দিকে উচ্ছেদ পারিচালনাকারী দল চম্পাতলীর কোরবান আলী মার্কেটের পাঁটি দোকান এবং মার্কেটের পেছনের দুটি গুদাম উচ্ছেদ করতে যায়। এ সময় দখলদারদের লোকজন উচ্ছেদকারী শ্রমিকদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে দখলদারদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা ভেকু যন্ত্র পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয়টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক সাজিদ হোসেন, পুলিশের হাবিলদার ফরিদ মিয়া, কনস্টেবল শাহিন ও চন্দন রায় এবং চম্পাতলী এলাকার সাত্তার, রমিজ, হেলাল, ইমরান, সোয়ারীঘাট এলাকার আবদুল কুদ্দুস, শেখ নিজাম ও ইউসুফ আহত হন।তবে কোরবান আলী মার্কেটের মালিক কোরবান আলীর ছেলে মো. বাবুল দাবি করেন, তাঁদের লোকজন হামলার সঙ্গে জড়িত নয়।চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকরাম আলী পুলিশের তিন সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের নয়টি শেল ছোড়ে।ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, উচ্ছেদ অভিযানের জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছে। এর পরও স্থাপনা সরিয়ে নেওয়া হয়নি। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, লালবাগ মৌজায় মোট ২০৮টি অবৈধ স্থাপনার মধ্যে গতকাল পর্যন্ত ১৫৫টি উচ্ছেদ করা হয়েছে। কয়েক দিনের মধ্যে বাকিগুলোও উচ্ছেদ করা হবে।