উচ্ছেদের পর ঘর ও মন্দিরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে গত মঙ্গলবার সংখ্যালঘু দুটি পরিবারকে উচ্ছেদ করে তাদের ঘরবাড়ি ও একটি মন্দির পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ওই দুই পরিবারের সদস্যরা ভয়ে এলাকা ছেড়েছে। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে বেদম মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। কিন্তু সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গতকালও সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় মহড়া দিয়েছে।জানা গেছে, সদর উপজেলার উকিয়ারা মৌজায় ২৩ শতাংশ অর্পিত সম্পত্তি রয়েছে। বহু বছর ধরে ওই জমিতে বসবাস করেন নারায়ণ মণ্ডল। তাঁর মৃত্যুর পর দুই ছেলে শরৎ ও গোঁসাই মণ্ডল ওই জমিতে একটি দুর্গা মন্দির ও দুটি আধা পাকা ঘর নির্মাণ করেন। মঙ্গলবার সকাল নয়টার দিকে শতাধিক সন্ত্রাসী ওই বাড়িতে হামলা চালিয়ে মন্দিরসহ আধা পাকা ঘর দুটি ভেঙে গুঁড়িয়ে দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা মন্দির ও ঘরের ভাঙা অংশে আগুন ধরিয়ে দেয় এবং এর কিছু অবকাঠামো নদীতে ফেলে দেয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীরা দৈনিক সমকাল-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীকে বেদম মারধর করে। গতকালও ওই এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের রোষানলে পড়েন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীরা।সাংবাদিক নির্যাতন ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে স্থানীয় সাংবাদিক, বিএনপি ও জাতীয় হিন্দু মহাজোটসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল করে। পরে মানিকগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহেরকে অপসারণের দাবি করা হয়।শরৎ মণ্ডল জানান, ওই সম্পত্তির মালিক ছিলেন তাঁর পিসা (ফুপা) শ্যামা চরণ। তিনি ভারতে যাওয়ার পর থেকে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের এক নেতাসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এই জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলেন। তাঁদের অপতৎপরতা ঠেকাতে মানিকগঞ্জের আদালতে একটি মামলা করা হয়, যেটি এখনো বিচারাধীন। তিনি আরও জানান, মঙ্গলবারের ঘটনার পর তাঁরা পরিবার-পরিজন নিয়ে আত্মগোপন করে রয়েছেন।নির্যাতিত সাংবাদিক বিপ্লব চক্রবর্তী বলেন, ‘ঘর ও মন্দির ভাঙচুরের খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে আমি ঘটনাস্থলে যাই। এ সময় কয়েকজন ব্যক্তি উচ্চ স্বরে বলতে থাকেন, “কোনো সাংবাদিক এলেই পিটিয়ে তাঁর হাত-পা গুঁড়া করতে বলেছেন ইসরাফিল ভাই।” এর পরপরই সন্ত্রাসীরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে কিল, ঘুষি, লাথি মারে ও লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এরপর তারা আমার মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।’ উল্লেখ্য, ইসরাফিল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও স্থানীয় সাংসদ (মানিকগঞ্জ-৩) জাহিদ মালেকের আপন ফুফাতো ভাই।মো. ইসরাফিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকারিভাবে জায়গীর ইউনিয়নে একটি স্থাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য স্থান নির্ধারণ করা হয়েছে উকিয়ারার ওই এলাকায়। কিন্তু শরৎ ও গোঁসাই মণ্ডল জমির দখল ছেড়ে না দিয়ে আদালতে মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী মঙ্গলবার বাড়িটি ভাঙচুর করে। এখানে আমার বা দলের কোনো ইন্ধন নেই।’। সাংবাদিককে মারধরের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।এদিকে হাসপাতাল নির্মাণের দাবিতে মঙ্গলবার বিকেলেই অর্ধশত নারী-পুরুষ শহরে একটি মিছিল বের করেন। মিছিলে জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. ইসরাফিলসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মুন্সি সাহাবুদ্দিন আহামেদ জানান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমি থেকে কাউকে উচ্ছেদ বা সেখানে কোনো স্থাপনা নির্মাণ করা সম্ভব নয়। আর ম্যাজিস্ট্রেট ও পুলিশ ছাড়া কারও পক্ষে বাড়ি বা স্থাপনা ভাঙা দণ্ডনীয় অপরাধ।মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাসুদ করিম জানান, অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।