উচ্ছেদের পরই স্থাপনা উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর রূপনগর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরপরই কোনো কোনো দখলদার আবার দখলে ফিরে আসছেন। তাঁরা নতুন স্থাপনা তৈরি করছেন। ছয় কিলোমিটার দীর্ঘ এই খাল উদ্ধারের অভিযান চলছে দুই সপ্তাহ ধরে। ওয়াসা ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সূত্রমতে, সেনপাড়া পর্বতা মৌজার ৪২৭ নম্বর দাগে খালের কিছু জায়গা শরীয়তপুরের সাংসদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের দখলে রয়েছে। ১৯৯০ সালের সর্বশেষ গেজেটে জায়গাটি সরকারের অধিগ্রহণ করা বলে উল্লেখ আছে। কিন্তু সেখানকার টিনশেড স্থাপনা ভাঙা হয়নি। নতুন করে দখল: রূপনগর ৩৯ নম্বর সড়কে খালের অদূরে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি আবাসন প্রতিষ্ঠানের আনসার ক্যাম্পসহ কয়েকটি স্থাপনা ছিল। অভিযানে তা ভেঙে দেওয়া হয়। বাধা দিতে এলে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং পরিচালক জি এম শাহজাহানকে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেখান থেকে একটু দূরেই আবার পাকা স্থাপনা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। গত বৃহস্পতিবার ঘটনাস্থলে উপস্থিত জি এম শাহজাহান এ প্রতিবেদককে বলেন, অন্যায়ভাবে তাঁদের উচ্ছেদ করা হয়েছে। তাঁরা ক্রয়সূত্রে ১০ বিঘা জমির মালিক। কিন্তু ওয়াসা ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বক্তব্য, এটি সরকারি জায়গা। নতুন করে স্থাপনা তৈরির কারণ জানতে চাইলে জি এম শাহজাহান দাবি করেন, ওয়াসার কর্মকর্তাদের পরামর্শে তা করা হয়েছে। তবে ওয়াসার নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, হাসান অ্যাসোসিয়েটসকে বলা হয়েছে জমির মালিকানা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ না করতে। জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেছেন, আবাসন প্রকল্পটি রাজউক অনুমোদিত নয়।রূপনগর ২৭ নম্বর সড়কে খালের কিছু জায়গা নির্মাতা প্রতিষ্ঠান সাগুফতার পরিচালক ও আনোয়ার ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন মোল্লার দখলে ছিল। এবারের অভিযানে কিছু স্থাপনা ভেঙেও দেওয়া হয়। কিন্তু এলাকায় গিয়ে দেখা যায়, অভিযান চলার মধ্যেই আবার ওই জায়গা দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে। আনোয়ার হোসেন মোল্লা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁর ভাগনে জি এম এনামুল হক নিজেদের ক্রয়সূত্রে জমির মালিক দাবি করেন। তবে তিনি স্বীকার করেন, বিক্রেতারা বৈধ মালিক কি না, তা নিশ্চিত না হয়েই জমি কিনেছেন তাঁরা।১৬ নম্বর সড়কে আছে আবাসন প্রতিষ্ঠান র‌্যানস রিয়েল এস্টেট লিমিটেডের প্রকল্প। খালের তীরে তাদের দখলে থাকা জমি সরকারি বলে দাবি করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এখানে টিনের স্থাপনা ও বড় সাইনবোর্ড রয়েছে। সেখানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যানসের কর্মীরা বলেন, আড়াই বছর আগে অন্য মালিকানায় থাকার সময় এ প্রকল্পের স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। জানা গেছে, এ প্রকল্পেরও রাজউক অনুমোদন নেই।রূপনগরের ৪ থেকে ৩০ নম্বর রোড পর্যন্ত খালের জায়গায় আরও অন্তত ৫০টি টংঘর ও কাঁচা স্থাপনা গড়ে উঠেছে। ওয়াসার কর্মকর্তারা বলেছেন, খাল খননের সময় এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। সাংসদের দখলেও খালের জমি: অভিযানে আশপাশের প্রায় সব স্থাপনা ভাঙা হলেও মোজাম্মেল হকেরটি বাদ দেওয়া হয়। ওয়াসার একজন কর্মকর্তা জানান, সাংসদের পক্ষ থেকে তাঁর একজন প্রতিনিধি জায়গাটি ক্রয়সূত্রে তাঁদের বলে দাবি করেছেন।সেনপাড়া পর্বতা মৌজার ৪২৭ নম্বর দাগে দখলের বিষয়ে সাংসদ বি এম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ওই এলাকায় তিনি তাঁর স্ত্রীর নামে ৫ শতাংশ জায়গা কিনেছিলেন চার বছর আগে। মোজাম্মেল হক বলেন, নির্মিত স্থাপনা ভাঙা না-ভাঙার বিষয়ে তিনি কোনো রকম প্রভাব বিস্তার করছেন না।অভিযোগ ইলিয়াস মোল্লাহর বিরুদ্ধেও: খাল উদ্ধার অভিযানে যুক্ত ওয়াসার একাধিক কর্মকর্তা বলেন, ভরাট করা খালের অংশে এবং খালসংলগ্ন জায়গায় স্থাপনা বানিয়েছেন স্থানীয় সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর কিছু লোকও। সেগুলো উচ্ছেদ করা যাচ্ছে না। ইলিয়াস মোল্লাহ অভিযোগের সত্যতা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো লোক সেখানে নেই। আমার নাম ভাঙিয়ে কোনো দখলদার স্থাপনা তৈরি করে থাকলে তাঁদের বিরুদ্ধে আমি নিজে ব্যবস্থা নেব, প্রশাসন ব্যবস্থা নিলেও সাহায্য করব।’ উচ্ছেদ হওয়া স্থানে আবার স্থাপনা তৈরির ব্যাপারে প্রশ্ন করা হলে ওয়াসার কর্মকর্তারা বলেছেন, অভিযান চলাকালে তাঁরা আবার পেছনের অংশের অবস্থা পর্যালোচনা করবেন। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেছেন, তিনি পুনর্দখলের বিষয়ে খোঁজ নেবেন।অবৈধ স্থাপনার সংখ্যা বেড়েছে: ১২ নভেম্বর অভিযান শুরুর দিন খালের জায়গায় প্রায় ৫০০ অবৈধ স্থাপনার হিসাব নিয়ে ওয়াসা কাজ শুরু করেছিল। কিন্তু নতুন নতুন অবৈধ স্থাপনা চিহ্নিত হওয়ায় এই সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়। অভিযানে যুক্ত ওয়াসার নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন বলেন, বাস্তবে কাজ করতে গিয়ে খাল এবং সরকারি জায়গায় আরও অনেক স্থাপনা পাওয়া গেছে, যেগুলো উচ্ছেদ না করলে অভিযানের উদ্দেশ্য ব্যাহত হবে। ওয়াসা এ পর্যন্ত পাকা, আধাপাকা ভবনসহ প্রায় ৯০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বলে তিনি জানান। খালটির অবস্থান: প্রধান অংশ ও তিনটি শাখা নিয়ে রূপনগর খালের দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার। প্রস্থ এলাকাভেদে ১০ থেকে ২০ ফুট। প্রধান খালের দৈর্ঘ্য তিন কিলোমিটার। এটি মিরপুর কমার্স কলেজের পেছনে চিড়িয়াখানা রোড থেকে শুরু হয়ে গোরান চটবাড়ি-সংলগ্ন দ্বিগুণ খালে গিয়ে শেষ হয়েছে। প্রথম শাখাটি মিরপুর ২ নম্বর সেকশন থেকে শুরু হয়ে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ী গিয়ে শেষ হয়েছে। দ্বিতীয় শাখা খালটি মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে বর্ধিত পল্লবীর টিনশেড এলাকায় গিয়ে শেষ হয়েছে। অপর শাখাটি দুয়ারিপাড়া থেকে শুরু হয়ে বেড়িবাঁধ-সংলগ্ন ইস্টার্ন হাউজিং এলাকায় গিয়ে শেষ হয়। রূপনগর খালের একটি মাথা কল্যাণপুর এলাকায় রামচন্দ্রপুর খাল হয়ে বুড়িগঙ্গায় পড়েছে। আরেকটি অংশ যুক্ত হয়েছে তুরাগের সঙ্গে। ওয়াসা উচ্ছেদের পর খালটি খনন করতে চাইছে। এতে পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি নৌকায় খুব অল্প সময়ে বিশেষ করে শিয়ালবাড়ী থেকে দুয়ারিপাড়া পর্যন্ত চলাচল করা যাবে।