উচ্ছ্বাস-আনন্দে সিলেটে গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলায় ও ইংরেজিতে নাম লেখা যায়, কিন্তু অঙ্কে নাম লেখা যায় না কেন?...শূন্য গোল কেন?—এ ধরনের অনেক প্রশ্ন খুদে শিক্ষার্থীদের মুখে। শূন্য গোল কেন—এ প্রশ্ন শুনে মঞ্চে বসা দেশের খ্যাতিমান গণিতবিদেরা ডানে-বাঁয়ে, সামনে তাকালেন। কিন্তু কাউকে দেখতে না পেয়ে প্রশ্নকারীকে হাত তুলতে বলেন। তৃতীয় শ্রেণীর এক খুদে শিক্ষার্থী চেয়ারের ওপর উঠে দাঁড়ায়। তখন মঞ্চে বসা দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘তোমার কী মনে হয়, শূন্য চারকোনা হলে খুব ভালো হতো?’ এ কথা শুনে শিক্ষার্থীদের মধ্যে হাসির রোল ওঠে।এভাবেই আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সিলেটে কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১১-এর সিলেট অঞ্চলের আসর জমে ওঠে। মুখস্থ, মিথ্যা আর মাদককে ‘না’ বলার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় গণিত উৎসব। হিমশীতল আবহাওয়া উপেক্ষা করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী উৎসবে অংশ নেয়।সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া উৎসব চলে একনাগাড়ে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মো. হাশিম, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু আহমদ সিদ্দিকী ও জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম রব্বানী। এরপর বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক।জেলা প্রশাসক বলেন, ‘গণিতচর্চা যত বাড়বে, জাতি তত বিজ্ঞানমনষ্ক হয়ে গড়ে উঠবে। তাই শিক্ষার্থীদের গণিতচর্চায় আরও উৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে গণিত অলিম্পিয়াড একটি ইতিবাচক পদক্ষেপ বলে বিবেচিত হয়ে আসছে।’প্রাথমিক আনুষ্ঠানিকতার পর শুরু হয় এক ঘণ্টার লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে চলে ১৫ মিনিটের ‘বন্ধুত্ব পর্ব’। এ পর্বে উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অন্যের সঙ্গে পরিচিত হয়। এরপর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধুসভার সাংস্কৃতিক দল শুরুতেই গণিত জয়ের গান ‘আমরা করব জয় একদিন’ এবং সবশেষে বদলের গান ‘বদলে যাও, বদলে দাও’ পরিবেশন করে।সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্ব সঞ্চালনা করেন মুহম্মদ জাফর ইকবাল। সুন্দর প্রশ্ন করায় শিক্ষার্থীরা তাৎক্ষণিক পুরষ্কার হিসেবে বই পায়। প্রশ্নোত্তর পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, মো. আনোয়ারুল ইসলাম, সহযোগী অধ্যাপক সামসুন্নাহার বেগম, সহকারী অধ্যাপক চন্দ্রানি নাগ প্রমুখ। মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘মুখস্থ না করে বুঝে বুঝে অঙ্ক কষতে হবে। তবেই দেখবে, গণিতের মতো সোজা বিষয় আর নেই।’এ পর্ব শেষে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলতে আহ্বান জানালে শিক্ষার্থীরা দুই হাত উঁচিয়ে এই তিন ‘ম’-এর বিরুদ্ধে ‘না’ বলে। এরপর শুরু হয় রবিকস কিউব প্রতিযোগিতা। এতেও বিজয়ী শিক্ষার্থীরা পুরষ্কার হিসেবে বই পায়।অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় স্থানীয় উদ্যোক্তা হামিদ অ্যান্ড সন্সের কর্ণধার আবদুল মান্নানকে। নিজের সাফল্যের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, ‘জীবনের সব পর্যায়ে সৎ থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আমি জীবনে চাকরি করিনি, কিন্তু আমার আমার প্রতিষ্ঠানগুলোতে শতাধিক লোক চাকরি করছেন।’বেলা আড়াইটায় সমাপণী অনুষ্ঠানে খুদে গণিতবিদদের উদ্দেশে বক্তব্য দেন প্রবীণ গণিতবিদ খোদাদাত খান, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন লুৎফুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াসউদ্দিন বিশ্বাস, কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুল ইসলাম, ডাচ্-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু আহমদ সিদ্দিকী ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। উৎসব আয়োজনে সহযোগিতা করেন সিলেট, শাহজালাল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট এমসি কলেজের বন্ধুসভার সদস্যরা। সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী ও বন্ধুসভা সিলেটের সভাপতি মাহবুবুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। ফলাফল পর্বে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে মোট ৫৮ জন প্রতিযোগী ঢাকায় গণিত উৎসবের জন্য মনোনীত হয়।