উজানধলের ফাগুন হাওয়ায় বাউলসম্রাটের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তের বিকেল। মাঠের চারদিকে সবুজ ধানখেত। ধানের কচি পাতায় দোল খাচ্ছে বসন্তের বাতাস। দিনের সূর্য পুবাকাশে শেষ রং ছড়িয়ে বিদায় নিচ্ছে। মাঠ থেকে ভেসে আসছে বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান ‘আমি বাংলা মায়ের ছেলে...’। সেই গানের সুর ভাসছে ফাগুনের হাওয়ায় হাওয়ায়।সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে ধলবাসীর আয়োজনে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাউলসম্রাট শাহ আবদুল করিম লোক-উৎসব। বিকেলে শাহ আবদুল করিমের গানে গানে উৎসবের উদ্বোধন হয়। উৎসবের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার এম এন জিয়াউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শুভেন্দু ইমাম।উৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শাহ নূরজালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন আক্তার, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল আলম, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জফির সেতু, কবি ও গবেষক মোস্তাক আহমাদ দীন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল হক, শাহ আবদুল করিম গবেষক সুমনকুমার দাশ, কাজী সাইফুল আচফিয়া, বাংলালিংকের সিলেট বিভাগীয় প্রধান নুরুল আলম, প্রভাষক ইনারউদ্দিন ফাহিম প্রমুখ।উদ্বোধন শেষে শাহ আবদুল করিমের ‘আমি বাংলা মায়ের ছেলে’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘রঙের দুনিয়া তোরে চাই না’, ‘বসন্ত বাতাসে সই গো’, ‘কেনে পিরিতি বাড়াইলে রে বন্ধু’, ‘বন্ধে মায়া লাগাইছে’, ‘তোমার পিরিতে বন্ধু কী হবে’, ‘তুমি বিনে আকুল পরান’, ‘দরদিয়া রে বন্ধু দরদিয়া রে’, ‘গাড়ি চলে না চলে না’সহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করা হয়। বাউলদের মধ্যে গান পরিবেশন করেন বাউল কফিলউদ্দিন সরকার, আবদুর রহমান, রণেশ ঠাকুর, কালা মিয়া, বশিরউদ্দিন সরকার, সানজিদা হক, নজরুল ইসলাম, মেহেদী হাসান, তানজিনা হক প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, ‘বাউল করিম জীবনভর সহজ-সরল ভাষায় সাধারণ মানুষের কথা বলে গেছেন। মানবতার কথা বলে গেছেন। তিনি ছিলেন সাম্প্রদায়িকতা ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে। বাউল করিমের জীবনদর্শন চর্চার মাধ্যমেই তাঁর মূল্যায়ন করতে হবে।’ কবি শুভেন্দু ইমাম বলেন, ‘আবদুল করিম ছিলেন বস্তুবাদী বাউল। তিনি ছিলেন সাধারণ মানুষের বাউল। তাঁর অধিকাংশ গানেই খেটে খাওয়া মানুষের দুঃখ-দুর্দশার কথা ফুটে উঠেছে।’আজ বিকেলে আলোচনা ও গভীর রাত পর্যন্ত বাউল করিমের গান পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। পুরো অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।