উজিরপুর ও আমতলীতে পানিতে নষ্ট হয়ে গেছে ধান ও সবজির খেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক কয়েকদিনের টানা বর্ষণ ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বরিশালের উজিরপুর উপজেলা ও বরগুনার আমতলী উপজেলায় রোপা আমন, শীতকালীন সবজিসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:উজিরপুর উপজেলার অনেক স্থানে সবজির খেতে বর্ষার পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, আবার কোথাও প্রবল জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এ উপজেলার গুঠিয়া, উজিরপুর ও সাতলা ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। পাঁচ দিনের টানা বর্ষণ ও জলোচ্ছ্বাসে এ উপজেলায় কৃষি বিভাগের ক্ষতি হয়েছে প্রায় ২০ কোটি টাকার সম্পদ।সরেজমিনে ক্ষতিগ্রস্ত কৃষক ও উজিরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ১৭৯ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৭৬ হাজার ২০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে প্রায় ২৫ হাজার আমনচাষি ও সবজিচাষি রয়েছেন, যাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। এ উপজেলায় আট হাজার ১০০ হেক্টর জমির রোপা আমন এবং প্রায় ৩৮০ হেক্টর জমির শীতকালীন সবজির খেত নষ্ট হয়েছে। ২০ হেক্টর জমির কলাচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত্যনন্দী, গুঠিয়া ও বৈরকাঠী গ্রামে দেখা যায়, শীতকালীন সবজির খেতগুলোয় পানি জমে আছে। খেতে লাগানো বেগুন, কাঁচা মরিচ, লাল শাক, মূলা ও বরবটির গাছ পানিতে পচে মাটির সঙ্গে মিশে গেছে। গুঠিয়া গ্রামের সবজিচাষি আবু তালেব (৩৮) জানান, তিনি সবজি চাষ করেই সাত সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তিনি প্রতিবছর শীত মৌসুমে দাদন নিয়ে শীতকালীন সবজি চাষ করেন। এ বছর প্রায় দেড় লাখ টাকা ধার নিয়ে সবজি চাষ করেছিলেন, কিন্তু অসময়ে পানি এসে তাঁর সব শেষ করে দিয়েছে। ত্রিভাদ্রী গ্রামের জমির আলী (৪৫) জানান, ১৫ হাজার টাকা খরচ করে আড়াই বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লাল শাক ও লাউগাছ লাগিয়েছিলেন, এর সবই পানিতে ডুবে পচে যায়। বৈরকাঠী গ্রামের নজরুল ইসলাম (৪২), আ. কাদের বেপারী (৩৯), বাইটশালী গ্রামের কবির হোসেন সরদার (৪৫), নিতাই বাড়ৈ (৩৩), নয়াবাড়ি গ্রামের ফজলুল হক হাওলাদার (৫২) ও কামাল হোসেন (৫৫) একইভাবে জানালেন নিজেদের সর্বশান্ত হওয়ার কথা। সেরজান হাওলাদার জানান, তাঁর চার একর জমির শীতকালীন সবজির খেতে একটি গাছও বেঁচে নেই, সব পচে গেছে। কাজীশাহ গ্রামের সবজিচাষি মো. সোহেল জানান, তাঁর সবজির খেত রক্ষার জন্য তিনি বাঁধ দিয়ে তিন দিন রক্ষা করতে পারলেও শেষরক্ষা হয়নি। পানির চাপে বাঁধ ভেঙে খেত ডুবে যায়। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।গুঠিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন জানান, শুধু গুঠিয়া ইউনিয়নের প্রায় ১০ হাজার সবজিচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ইউনিয়নে সবজির খেতের ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা।উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আমনচাষি হরে রাম বৈরাগী (৪০) বলেন, ‘মোরা বিল অঞ্চলের মানুষ, মোগে গেরাম হারা বছরই পানিতে ডুইব্বা থাহে। হেইয়ার পরেও বর আশা কইরা চার একর জমিতে আমনের চাষ করছেলাম, কাছা (বাঁধ) ভাইঙ্গা হেও ভাইস্যা গেছে।’ স্থানীয় লোকজন জানান, প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসে পানির চাপে সাতলা-হারতা বাঁধের তিন কিলোমিটার বাঁধ ভেঙে গোটা সাতলা ইউনিয়ন প্লাবিত হয়। এতে রোপা আমন ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়। রাজাপুর গ্রামের ইউনুস মিয়া বলেন, ‘চড়া সুদে ৪০ হাজার টাহা দাদন আইন্না আট একর জমি চাষ করছিলাম, ফসল উঠার পর ৪০ হাজার টাহায় লাভসহ তারে ৬০ হাজার টাহা ফেরত দিমু, কিন্তু সব শেষ হইয়া গেছে। মুই এহন কী দিয়া ওই টাহা শোধ করমু আর কী দিয়া পোলাপান লইয়া বাঁচমু!’এ ব্যাপারে উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বিশ্বাস জানান, সম্প্রতি টানা বর্ষণ ও জলোচ্ছ্বাসে এ উপজেলায় কৃষি বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে। সর্বশান্ত হয়েছে শীতকালীন সবজিচাষিরা। রোপা আমন ও আগাম শীতকালীন সবজিচাষিদের ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয় সিন্ধু তালুকদার জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের পুনর্বাসনের সুপারিশমালা তৈরি করে যথাযথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বরাদ্দ পেলেই তাঁদের সহায়তা করা হবে।আমতলী: উপজেলার দুটি গ্রামের সহস্রাধিক একর আমন ধানের জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় ও চাওড়া ইউনিয়নের পাতাকাটা নামের এ গ্রাম দুটির ৩০০ কৃষক পরিবার ফসল-বিপর্যয়ের আশঙ্কা করছেন।বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ৬ অক্টোবর থেকে তিন দিন বিরামহীন ভারী বর্ষণে আমতলী উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টি কমে আসায় অনেক জমির পানি সরে গেলেও উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় এবং চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের প্রায় এক হাজার ১০০ একর জমিতে জমে যাওয়া পানি সরেনি। ওই সব জমির ফসল পানিতে তলিয়ে রয়েছে।সরেজমিনে দেখা গেছে, ফসলি জমি বৃষ্টির পানিতে থই থই করছে। স্থানীয় কৃষকেরা জানান, এ মাসের প্রথম সপ্তাহ থেকেই জমিগুলো পানিবন্দী হয়ে আছে। জলাবদ্ধতার কারণে আমন ধানের চারা পচে যাচ্ছে।হরিমৃত্যুঞ্জয় গ্রামের কৃষক মনোয়ার হোসেন জানান, এখানকার জমি নিচু। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ওই গ্রামের প্রায় ৫০০ একর আমন ধানের খেত তলিয়ে রয়েছে।একই গ্রামের জহিরুল ইসলাম জানান, আমন ধানের গোছা (চারা) পচে যাচ্ছে।পাতাকাটা গ্রামের সুনীলচন্দ্র জানান, জরুরি ভিত্তিতে জমির পানি অপসারণের ব্যবস্থা না করা হলে এলাকার জমিতে ফসল হবে না। কৃষক পরিবারগুলো নিঃস্ব হয়ে যাবে।পাতাকাটা গ্রামের কৃষক সুরেন রানা জানান, স্থানীয় খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানিনিষ্কাশনের কোনো উপায় করতে পারছেন না তাঁরা।আরেকজন কৃষক আ. ছালাম জানান, পানি সরানোর ব্যাপারে ইউনিয়ন পরিষদ বা উপজেলা কৃষি বিভাগ কোনো ধরনের সহায়তা করছে না।এ ব্যাপারে আমতলী উপজেলা কৃষি প্রকৌশলী (কৃষি কর্মকর্তার দায়িত্বে) বেলাল সিদ্দিকী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। কিন্তু পানিনিষ্কাশনের ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।’আমতলী ইউএনও মুহাম্মদ মশিউর রহমান বলেন, ‘ঘটনাটি জেনেছি। পানি সরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’