উজিরপুরে টিআর প্রকল্পে দুর্নীতির অভিযোগ
বরিশালের উজিরপুর উপজেলায় ২০০৯-১০ অর্থবছরের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষনের জন্য টেস্ট রিলিফের (টিআর) প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে ২০০৯-১০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন সংস্কারের আওতায় এ উপজেলার জন্য ৬ জুন মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ ৭৩টি প্রকল্পের বিপরীতে ১৭৫ মেট্রিক টন ও সাধারণ ১৯২টি প্রকল্পের বিপরীতে ২৭২ দশমিক ২০৮ মেট্রিক টন টেস্ট রিলিফের (টিআর) গম বরাদ্দ দেওয়া হয়। ৩০ জুন প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়। গত ২২ জুন ২৬৫টি প্রকল্পের অনুকূলে ওই গমের ডিউ ছাড় করা হয়। মোট বরাদ্দের শতভাগ ডিও প্রকল্প চেয়ারম্যানদের ইস্যু করা হয়েছে। প্রকল্প চেয়ারম্যানরা স্থানীয় সরকারি গুদাম থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ গম উত্তোলন করে নিয়েছেন।সরেজমিন বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের নামে বরাদ্দ টিআরের প্রকল্পে প্রতিষ্ঠান প্রধানদের প্রকল্প চেয়ারম্যান করার কথা থাকলেও অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মীদের প্রকল্প চেয়ারম্যান করা হয়েছে। অধিকাংশ প্রকল্প চেয়ারম্যানেরা কোনো কাজ না করে আবার কোথাও কোথাও নামমাত্র কাজ করে প্রকল্পের নামে বরাদ্দ গম বিক্রি করে তার অর্থ আত্মসাৎ করেছে বলে স্থানীয় লোকজন ও প্রতিষ্ঠান প্রধানরা অভিযোগ করেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উজিরপুর উপজেলার মাদ্রাসা, মসজিদ, মন্দির, ক্লাব, স্কুলসহ বিভিন্ন প্রতষ্ঠানের নামে প্রকল্প দাখিল করে নিজেরা প্রকল্প চেয়ারম্যান হিসেবে গম উত্তোলন করে বিক্রি করে দিয়েছেন। যেসব প্রতিষ্ঠানের নামে প্রকল্প অনুমোদন করে গম বরাদ্দ করা হয়, ওই সব প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটি কিছুই জানেন না। কোথাও কোথাও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও বরাদ্দ দেওয়া হয়। ৪ আগস্ট উপজেলার উজিরপুর ইউনিয়নের জয়শ্রী হাফেজিয়া নূরানি কওমিয়া মসজিদ ও মাদ্রাসার প্রধান মুহতামিম মো. জহিরুল ইসলাম অভিযোগ করেন, উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. লিটন মৃধা এ প্রতিষ্ঠানের নামে একটি প্রকল্প দাখিল করেন। তিনি নিজেই প্রকল্প কমিটির চেয়ারম্যান হিসেবে কমিটি জমা দিয়ে বরাদ্দ পাঁচ টন গম উত্তোলন করেন। প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করা হলেও আমরা কিছুই জানাি না। পরে বিষয়টি জানার পর লিটন মৃধা আমাদের মাত্র ১০ হাজার টাকা দেন, যা আমরা তাকে ফেরত দিয়েছি। এ প্রসঙ্গে শিকারপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ আউয়াল অভিযোগ করেন, মাদ্রাসার প্রকল্প চেয়ারম্যান প্রকল্পের সম্পূর্ণ বরাদ্দই আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা লিটনকে বলেন, ‘বিক্রিত গমের পুরো টাকাই মাদ্রাসার কাজে ব্যয় করা হয়েছে।’নাম প্রকাশ না করার শর্তে একাধিক আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, সাতলা ইউনিয়নের পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার করার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা অরুণ বল্লভ স্কুলের নামে প্রকল্প জমা দিয়ে বরাদ্দ পাওয়া চার মেট্রিক টন গম বিক্রি করে তা আত্মসাৎ করেন। অরুণ বল্লভ অভিযোগ অস্ব্বীকার করেন। উজিরপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক খাইরুল বাসার লিটন অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খালেক আজাদ উত্তর সাতলা আলো শিখা প্রি স্কুল সংস্কার করার জন্য প্রকল্প জমা দিয়ে চার টন গম উত্তোলন করে তা আত্মসাৎ করেন। অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি খালেক আজাদ বলেন, আমি কোনো প্রকল্পের সিপিসি হিসেবে গম উত্তোলন করিনি এবং এ রকম প্রকল্প আছে কি না তা আমার জানা নেই। শিকারপুর প্রভাতি কিন্ডারগার্টেনের সংস্কার করার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হারুন অর রশিদ মৃধা প্রকল্প কমিটি দাখিল করে দুই টন গম উত্তোলন করেন। প্রতিষ্ঠানের প্রধান মো. ফিরোজ সিকদার জানান, বিষয়টি তাঁর জানা নেই এবং তাঁর প্রতিষ্ঠানের কোনো কাজ করা হয়নি। হারতা দক্ষিণ নাতার কান্দি রেজি. প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য অভিযোগ করেন, হারতা দক্ষিণ নাতার কান্দি রেজি. প্রাথমিক বিদ্যালয় সংস্কার করার জন্য হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল চন্দ্র প্রকল্প জমা দিয়ে চার টন গম উত্তোলন করেন। সরকারি বাজারদর অনুযায়ী ওই গমের দাম ৬০ হাজার টাকা। তিনি সাত-আট হাজার টাকার নামমাত্র কাজ করে তা আত্মসাৎ করেন। এ ব্যাপারে অমল চন্দ্র বলেন, অভিযোগ সত্য নয়। আমি গম বিক্রির সম্পূর্ণ টাকা দিয়ে উন্নয়ন কাজ করেছি। উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সানুহার দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য স্কুল শিক্ষক মো. সোলায়মান সেলিম অভিযোগ করেন, তাঁর মাদ্রাসার নামে ছাত্রলীগ নেতা শাহিন প্রকল্প দাখিল করে দুই মেট্রিক টন গম উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন। এ বরাদ্দের ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ কিছুই জানে না। এ ব্যাপারে শহিনের বক্তব্য নেয়ার চেষ্টা করে তাঁকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। পূর্ব ধামসর জাগ্রতী যুব সংঘের সংস্কারের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. এনায়েত হাওলাদারকে পাঁচ টন, পশ্চিম মুন্ডপাশা জামে মসজিদ উন্নয়নের জন্য আওয়ামী লীগ নেতা মোজাম্মেল মোল্লাকে তিন টন, বাহেরঘাট দাখিল মাদ্রাসা ও জামে মসজিদ উন্নয়নের জন্য আওয়ামী লীগ নেতা আলী হায়দার নান্নুকে তিন টন গম বরাদ্দ দেয়া হয়। ওই প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান (সিপিসি) আওয়ামী লীগ নেতারা কাজ না করে বরাদ্দের গম বিক্রি করে তা আত্মসাৎ করেছেন বলে একাধিক আওয়ামী লীগ নেতা ও স্থানীয়রা অভিযোগ করেন। তাঁরা জানান, ক্ষমতার প্রভাব বিস্তার করে প্রকল্প চেয়ারম্যানরা প্রতিষ্ঠানের উন্নয়নের নামে কাগজ-কলমে প্রকল্প কমিটি জমা দিয়ে অসত্য বিল, ভাউচার দাখিল করে বিক্রি করা গমের টাকা আত্মাসাৎ করেছেন। এ অভিযোগের ব্যাপারে বাহেরঘাট দাখিল মাদ্রাসা ও জামে মসজিদের সিপিসি ও জলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দারসহ অন্য সিপিসি ও আওয়ামী লীগ নেতাদের কাছে জানতে চাইলে তাঁরাও অভিযোগ অস্বীকার করেন। উজিরপুর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআইও) সুমন চন্দ্র দেবনাথ বলেন, ‘অভিযোগ পরোপুরি সত্য নয়। অনেক জায়গায় ভালো কাজ হয়েছে, অনেক জায়গায় খারাপ কাজের অভিযোগ আছে। যাঁরা কাজ করেনি, তাঁদের কাজ করার জন্য বলা হয়েছে, ঠিকমতো কাজ না করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নিয়েছে এ রকম তথ্য আমার জানা নেই। অভিযোগ পেলে এ ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়সিন্ধু তালুকদার বলেন, ‘আমাদের কাছেও এ রকম অভিযোগ এসেছে। সরেজমিন গিয়ে বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। যেখানে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাঁদের পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি এর পরও কাজ করা না হয়, তাহলে তাঁদের বিরুদ্দে টিআর প্রকল্পের নীতিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’