উজিরপুরে পানের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টর্নেডো ও জলোচ্ছ্বাসে বরিশালের উজিরপুর উপজেলার সাতটি ইউনিয়নের তিন হাজার পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেসরকারি হিসাবমতে, ক্ষতিগ্রস্ত পানচাষির সংখ্যা পাঁচ হাজার।উপজেলা কৃষি অফিস, পানচাষি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উজিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে ৩৮১ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার গুঠিয়া ইউনিয়নে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এ ইউনিয়নে ৯ অক্টোবরের জলোচ্ছ্বাসে ১৭১ হেক্টর ও টর্নেডোর আঘাতে ৯০ হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া, কমলাপুর, বৈরকাঠী, বাইটশালী, নয়না, শংকরপুর, নিত্যনন্দী, উজিরপুর ইউনিয়নের নয়াবাড়ী, কালীবাড়ি, বরাকোঠা ইউনিয়নের বরাকোঠা, শোলক ইউনিয়নের কাংশী, সেনের হাট এলাকায় ঘুরে দেখা যায়, টর্নেডো ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পানচাষিরা অনেকেই তাঁদের পানের বরজ হারিয়ে পাগলপ্রায়। উপজেলার কমলাপুর গ্রামের পানচাষি আজাহার হোসেন (৪২) ইউসুব আলী (৫৫) নিত্যানন্দী গ্রামের নুর আলী (৩৫) ও নয়না গ্রামের হাবিবুর রহমার (৪৫) জানান, টর্নেডো ও জলোচ্ছ্বাসে এ উপজেলার প্রায় পাঁচ হাজার পানচাষি নিস্ব ও সর্বস্বান্ত হয়েছেন। এঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা। শংকরপুর গ্রামের পানচাষি সাইদুল হক (৬০) বলেন, ‘মোগে সব শেষ অইয়া গেছে। ঋণ নিয়া, ধারদেনা কইরা ৫০০ পানের বরজ কইরাছিলাম। এ বছর জম্মের (খুব বেশি) ফলন অইছে, মুই খুশিতে আটখান (আত্মহারা) অইয়া গেছিলাম, তয় সুখ সইল না। মোরা আর পোলাপান লইয়া বাঁইচ্যা থাকতে পারছি না।’ কমলাপুর গ্রামের পানচাষি মোতালেব হোসেন (৩৫), মো. গিয়াস উদ্দিন (৪৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মোগো দ্যাহার কি কেউ নাই?’ বাইটশালী গ্রামের জামাল বেপারী (৬০) বলেন, ‘ধারদেনা করে ২০০ পানের বরজ করে পাইয়া পোলা লইয়া খাইয়া পইররা ভালোই ছিলাম। টর্নেডোয় সব শেষ অইয়া গেছে। টর্নেডো মোর হেইয়াও কাইরা নিল। মুই কী খাইয়া বাঁচুম। সমিতির ঋণ কী দিয়া শোধ করমু।’ উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর বিশ্বাস বলেন, ‘টর্নেডো ও জলোচ্ছ্বাসে উপজেলায় ৩৮১ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। শুনেছি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে সহায়তা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’