উজিরপুরে হাত বাড়ালেই মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার ২০টি স্থানে অনেকটা প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য। মদ, গাঁজা, প্যাথেড্রিন ও ফেনসিডিলের পর এবার উজিরপুরে শুরু হয়েছে মরণ নেশা হেরোইনের ছোবল। উজিরপুর উপজেলা ও আশপাশের বিভিন্ন স্থানে পাঁচ হাজারের বেশি মাদকাসক্ত যুবক রয়েছে। সরেজমিনে তথ্য অনুসন্ধান করে ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার শিকারপুর, ধামুরা, গুঠিয়া, হারতা, সানুহার, হস্তিশুন্ড, বামরাইল, জয়শ্রী, মাদার্শী, ডাবেরকুল, তারাবাড়ি ও উজিরপুর বন্দর এলাকায় হাত বাড়ালেই নেশাজাতীয় দ্রব্য পাওয়া যায়। উপজেলার নয়টি ইউনিয়নে প্রায় তিন হাজার মাদকাসক্ত কিশোর ও যুবক রয়েছে। ১০ বছর ধরে মাদক সেবনের ফলে মানসিক ভারসাম্যহীন যুবক (সদ্য চিকিৎসা নিয়ে সুস্থ) চরগাধাতলী গ্রামের জামিল হোসেন জানান, শিক্ষিত, অশিক্ষিত বেকার যুবক ও তরুণেরা প্রেমে ব্যর্থ, পারিবারিক কলহ, আর্থিক দৈন্য, সঙ্গদোষ, সামাজিক প্রেক্ষাপটে ও বেকারত্বের কারণে হতাশায় নিমজ্জিত হয়ে নেশার জগতে প্রবেশ করে। তবে অনেকে শখেরবশে নেশাদ্রব্য সেবন করে।একাধিক মাদকাসক্ত যুবক জানায়, তাদের সেবনের তালিকায় রয়েছে ফেনসিডিল, মদ, চোলাই মদ, রেকটিফাই স্পিরিট, প্যাথেড্রিন ও গাঁজা। সম্প্রতি এর সঙ্গে যোগ হয়েছে মরণ নেশা হেরোইন। মাদকাসক্ত যুবক ঝন্টু, মাবাবুব ও জাহাঙ্গীর জানান, বর্তমানে মুঠোফোনে মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হয়। মুঠোফোনে ক্রেতা নির্দিষ্ট স্থানের কথা জানিয়ে দিলে বিক্রেতা সেখানে চাহিদা মোতাবেক মাদকদ্রব্য সরবরাহ করে থাকেন।উজিরপুর থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, উজিরপুরের প্রায় ২০টি স্থানে মাদকদ্রব্য বিক্রি করা হয়। মাদকদ্রব্য বিক্রির অন্যতম বড় ঘাঁটি হচ্ছে উপজেলার শিকারপুর। উপজেলার আওয়ামী লীগ, বিএনপি ও সর্বহারা দলের নেতা-কর্মীরা এ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। উপজেলার গুঠিয়া নারায়ণপুর এলাকার সর্বহারা নেতা নান্নু খাঁ (৪২) এ অঞ্চলের ফেনসিডিলের পাইকারি বিক্রেতা। তিনি ফেনসিডিল আমদানি করে বিভিন্ন স্থানে থাকা এজেন্টের মাধ্যমে সরবরাহ করে থাকেন। গুঠিয়ার আল আমিন সরদার তাঁর সেকেন্ডম্যান হিসেবে ব্যবসা পরিচালনা করেন। পুলিশ গুঠিয়া পশ্চিম নারায়ণপুর এলাকা থেকে ২১ জুলাই আল আমিন সরদারকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। সর্বহারা নেতা কানা বাদলের ভাই নান্নু খাঁ দীর্ঘদিন ধরে তাঁর বাহিনী নিয়ে উজিরপুরে প্রকাশ্যে ফেনসিডিলের ব্যবসা করছেন।সম্প্রতি র‌্যাব-৮ অভিযান চালিয়ে নান্নু খাঁর বাড়ি থেকে ছয় লাখ টাকার ফেনসিডিল উদ্ধার ও নান্নু খাঁসহ দুইজনকে গ্রেপ্তার করে। ওই সময় নান্নু খাঁ জানান, প্রতিপক্ষের হাতে কানা বাদল হত্যাকাণ্ডের পর তিনি ভাইয়ের স্থলাভিষিক্ত হয়ে সংগঠনকে নেতৃত্ব দেন। আর সংগঠনের খরচ জোগাতে মাদক ব্যবসা করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ বাদী হয়ে নান্নুসহ তিনজনের বিরুদ্ধে উজিরপুর থানায় মাদক আইনে মামলা করেছে। উপজেলা সদরে মাদকের ব্যবসা করেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ হাওলাদার (৩৮)। তবে শ্রমিক লীগের নেতা মো. ফরিদ হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’উজিরপুরের সানুহার এলাকায় পল্লি চিকিৎসক কমলের দোকানে র‌্যাব-৮ অভিযান চালিয়ে ফেনসিডিল তৈরির কারখানা আবিষ্কার করে। ওই কারখানা থেকে স্থানীয় পল্লি চিকিৎসক কমলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার কিছু দিন পর কমল জেল হাজতে মারা গেলে ওই এলাকার দায়িত্ব নেন জয়শ্রীর আল আমিন-২ ও ছাত্রদল ওয়ার্ড কমিটির সদস্য মো. ঝুমুর (২৪)। তবে তাঁরা দুজনই এ ব্যবসায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। অভিভাবক ধামুরা গ্রামের মো. খলিলুর রহমান (৪৮), সানুহার গ্রামের মো. সোলায়মান (৫০), ভরসাকাঠীর আ. আজিজসহ (৬৫) কয়েকজন জানান, হাতের নাগালের মধ্যে মাদক বিক্রির কারণে তাঁরা তাঁদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন। পুলিশের প্রত্যক্ষ সহায়তায় গোটা উপজেলায় এ ব্যবসা পরিচালিত হয়। শিকারপুর বন্দর এলাকায় মাদক ব্যবসা করেন বিএনপি নেতা মো. খোকন সরদার, মো. হক মৃধার স্ত্রী রুনু বেগম (৪৫), ধামুরা জল্লা এলাকার ছাত্রলীগ নেতা মো. সাইয়েদ (২৮) ও হারতা বউবাজার এলাকায় ছাত্রলীগ কর্মী অরুন (২৬)। গুঠিয়া, হারতা, সানুহার, হস্তিশুন্ড, বামরাইল, জয়শ্রী, মাদার্শী, ডাবেরকুল, তারাবাড়ি ও উজিরপুর বন্দর এলাকায় হাত বাড়ালেই নেশা দ্রব্য পাওয়া যায়।মাদক ব্যবসায়ী জাকির, বাশার, বাদল ও নুরুল ইসলাম জানান, পুলিশকে মাসোহারা দিয়ে তাঁরা এসব ব্যবসা করে থাকেন। তার পরও পুলিশ বিভিন্ন সময়ে তাঁদের নিয়ে ঝামেলা পাকায় ও গ্রেপ্তার করে থাকে। তাঁরা প্রত্যেকেই একাধিকবার জেল খেটেছেন বলে স্বীকার করেন।উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, মাদক ব্যবসার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নেই। তবে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে কেউ কেউ এ ব্যবসা করে থাকতে পারেন। মাদক ব্যবসায় কোনো নেতা-কর্মী জড়িত থাকার অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা যুবলীগের সভাপতি ও মাদক প্রতিরোধ কমিটির নেতা মো. আ. মজিদ সিকদার বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় উজিরপুরে মাদক ব্যবসার বিস্তার ঘটেছে।উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান বলেন, ‘দলীয় নেতা-কর্মীর মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ সঠিক নয়। কেউ কেউ নিজ স্বার্থে দলীয় নাম ব্যবহার করে এ ব্যবসা করে থাকতে পারেন। তবে কার কি পরিচয়, কোন দল করে তা না দেখে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।’উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অশোক কুমার বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ সত্য নয়। দলের নাম ভাঙ্গিয়ে কেউ কেউ এ কাজ করে থাকতে পারেন।’মাদকবিরোধী কার্যক্রম পরিচালনাকারী সংগঠন চৈতী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো. গফুর উদ্দিন মঞ্জু বলেন, ‘মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ মাসোহারা নিয়ে থাকে। এ কারণে প্রকাশ্যে এ ব্যবসা চললেও উজিরপুরের পুলিশ নীরব। মাঝেমধ্যে বরিশালে র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে এদের পাকড়াও করে থাকেন।’উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, ‘আমি যোগদানের আগে থানায় কি হয়েছে না হয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়। আমি যোগদানের পর মাদকবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে অনেক মাদক ব্যবসায়ীকে পাকড়াও করা হয়েছে। মাদক প্রতিরোধ প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণে পুলিশের পাশাপাশি জনসাধারণকে সম্পৃক্ত করা হয়েছে। বর্তমানে মোবাইল ফোনে এ ব্যবসা পরিচালিত হয়, যে কারণে কাজটি সহজ নয়। তার পরও অল্প সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীদের নির্মূল করে উজিরপুরকে মাদকমুক্ত করা হবে। এ ব্যাপারে জনসাধারণের সহযোগিতা চাই।’ উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা-সমাবেশসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আশা করি, এসব স্থান শিগগিরই মাদকমুক্ত করা সম্ভব হবে।’