উজিরপুরে হিজবুত তাওহীদ সদস্যদের হামলা, আটক ১৩
বরিশালের উজিরপুর উপজেলায় মুসল্লিদের মিছিলের ওপর জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদের হামলার ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উজিরপুর লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।।এ ঘটনায় ১০ জন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে হিজবুত তাওহীদের ১৩ জন সদস্যকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কয়েকটি মসজিদের মুসল্লিরা আসরের নামাজের পর হিজবুত তাওহীদ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি উপজেলার লঞ্চঘাট এলাকায় পৌঁছলে শিকারপুর শেরেবাংলা কলেজের অধ্যাপক হিযবুত তাওহীদের প্রধান মোজাম্মেল হোসেন ওরফে মানিকের নেতৃত্বে হিজবুত তাওহীদের সদস্যরা মিছিলকারীদের ওপর অতর্কিতভাবে হাতুড়ি ও লাঠি নিয়ে হামলা চালান।এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দলের প্রধান মোজাম্মেল হক মানিকসহ হিজবুত তাওহীদের ১৩ জন সদস্যকে আটক করে পুলিশ।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।