উজিরপুরের ধানি জমি দখল করে মৎস্য চাষের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার বিল হিসেবে পরিচিত সাতলা এলাকায় প্রভাবশালী একটি মহল নিরীহ মানুষের ধানের জমি দখল করে মৎস্য চাষ প্রকল্প চালু করেছে।সরেজমিনে দেখা যায়, সাতলা ইউনিয়নের সাতলা পয়সারহাট নদীর পশ্চিম পাশে মাছবাজারের লাগোয়া সাতলা-বাগধা ওয়াপদা বেড়িবাঁধের অভ্যন্তরে ফসলি জমিতে মাছ চাষ করা হচ্ছে।এলাকাবাসী ও ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান হাওলাদার, স্থানীয় রুবেল বালী, ইলিয়াস হাওলাদার, মতলেব সরদার, নরেশ সিকদার, সাইদুল মোল্লা, আলমগীর হাওলাদারসহ প্রভাবশালী একটি মহল তাদের অনুসারী কয়েকজনের প্রায় ৫০ বিঘা জমি নিয়ে মৎস্য চাষ শুরু করে। পরে মহলটি নামকাওয়াস্তে একটি কমিটি গঠন করে ‘সাতলা মৎস্য চাষ প্রকল্প’ নাম দিয়ে একের পর এক নিরীহ মানুষের ফসলি জমি দখল করে তাদের মৎস্য চাষ প্রকল্পের পরিধি বাড়ায়।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, প্রভাবশালী মহলটি এলাকার প্রায় দুই শতাধিক নিরীহ মানুষের ৩০০ একর জমি দখল করে মৎস্য চাষ প্রকল্প সম্প্রসারিত করেছে। অথচ জমির মালিকদের কোনো সুবিধা দেওয়া হয়নি। তাঁরা এ ব্যাপারে প্রতিবাদ করলে নানাভাবে হয়রানির শিকার হন।সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুল রহমান ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এলাকার সাধারণ মানুষের সঙ্গে তাদের বিপদ-আপদে আছি ও থাকব। জমি দখল নিয়ে কারও ওপর অন্যায়-অবিচার করার প্রশ্নই আসে না। আমরা নিজেদের জমিতেই মৎস্য চাষ করেছি।’এ ব্যাপারে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সাতলায় এ ধরনের ঘটনা আছে। তবে সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান এ কাজ করেছেন কি না, আমার জানা নেই। অভিযোগ করলে বিষয়টি দেখা হবে।’উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আজিজ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’