উজ্জীবনী বক্তব্য মিশেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে মিশেল ওবামা মার্কিন ভোটারদের বলেছিলেন, তাঁর স্বামী বারাক ওবামার নামটি কৌতুকপূর্ণ হলেও তিনি তাঁদের মতোই একজন মানুষ। আর গতকাল মঙ্গলবার তিনি ভোটারদের বোঝানোর চেষ্টা করলেন, ওবামা একজন ব্যতিক্রমী প্রেসিডেন্টও বটে। এএফপি ও বিবিসির প্রকাশিত প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানা গেছে। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শারলট শহরে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনে মিশেল অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে মার্কিন ভোটারদের উজ্জীবিত করার চেষ্টা চালান। তিনি কথা বলেছেন ওবামার অন্তর্দৃষ্টি ও মূল্যবোধ নিয়ে, যা তাঁকে একজন প্রেসিডেন্ট হিসেবে পথচলার নির্দেশনা দিয়েছে। মিশেল বলেছেন, ‘ফার্স্ব লেডি’ হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জন্য এক ‘অসাধারণ বিশেষ মর্যাদা’। গতকালের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মিশেল ওবামা বলেন, ‘কোনো পরিবার যখন সংগ্রামে লিপ্ত হয়, বারাক তাঁর অর্থ বোঝেন। তোমরা বাচ্চা ও নাতি-নাতনিদের জন্য যখন আরও কিছু চাও, সেই চাওয়ার অর্থ বোঝেন তিনি। বারাক আমেরিকান ড্রিম সম্পর্কে জানেন, কেননা তিনি এটা নিয়েই বাস করেছেন...তিনি চান, এ দেশের সবাই সমান সুযোগ পাক। আমরা কে কী, কে কোথাকার, কার দৃষ্টিভঙ্গি কেমন, কাকে ভালোবাসি—এসব কোনো বিষয় নয়।’প্রেসিডেন্ট ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন কাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নেবেন। আগামী নভেম্বর মাসের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির বিপক্ষে লড়বেন। সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, ওবামা প্রতিদ্বন্দ্বী রমনির চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। অবশ্য, এবিসি নিউজ-ওয়াশিংটন পোস্ট জরিপে দেখা যায়, সম্মেলন-পূর্ববর্তী সময়ে পদে অধিষ্ঠিত প্রেসিডেন্টের সুবিধাজনক অবস্থানের দিক দিয়ে ওবামার অবস্থান ১৯৮০-র দশক থেকে এ পর্যন্ত সময়ের মধ্যে সর্বনিম্ন।সম্মেলনে মঙ্গলবার মিশেল ছাড়াও ডেমোক্রেটিক পার্টির অনেক গভর্নর, কংগ্রেস সদস্য, মেয়র ও ইলেকটোরাল প্রার্থী বক্তব্য দেন। কাল ওবামা ও জো বাইডেনের বক্তব্যের মাধ্যমে সম্মেলন শেষ হবে।