উট নিধনে অস্ট্রেলীয় মচ্ছব থামাতে খামারির প্রয়াস
বলা হয়, মরুবাসী মানুষের কাছে উট ও ঘোড়া নিজের সন্তানের মতোই প্রিয়। কিন্তু, অনেক ইউরোপীয় বা ইউরোপ বংশোদ্ভূত মানুষের কাছে উট কেবলই একটি প্রাণী। পি কে হিট্টি তাঁর ‘আরব জাতির ইতিহাস’ বইয়ে জানিয়েছেন, আরবরা উট পালন করে, উটে মরু পাড়ি দেয়, মরুভূমিতে পানির অভাবে মৃত্যুমুখে পতিত হলে উটের কুঁজ থেকে পানি বের করে খায়। মুসলমান আরবরা উটকে কোরবানিও দেন। কিন্তু অপ্রয়োজনে লাখ লাখ উটকে মেরে ফেলা তাঁদের দুঃস্বপ্নেরও অতীত। একটি উটকে বিনা কারণে মেরে ফেলার চেয়ে নিজে মরে যাওয়াও তাঁদের কাছে শ্রেয়। অস্ট্রেলিয়ার সরকার অপ্রয়োজনে হাজার হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে—এমন খবর পাওয়ার পর কাতারের উটপালক আলী সুলতান আল হাজরি স্বভাবতই বিচলিত হয়েছেন। আল জাজিরার খবরে জানানো হয়েছে, আলী অস্ট্রেলিয়ায় ছুটে গেছেন। সরকারকে তিনি অনুরোধ জানাবেন উট হত্যার পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য। অস্ট্রেলিয়ার যেসব নাগরিক উট হত্যার বিরোধী, তিনি তাঁদের সঙ্গেও দেখা করছেন।অস্ট্রেলিয়ায় উটের আগমনআঠার শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশরা অস্ট্রেলিয়ার বিভিন্ন মরু অঞ্চলে অনুসন্ধান চালানোর জন্য পাকিস্তান ও ভারত থেকে উট নিয়ে যায়। অস্ট্রেলিয়ার জলহীন, অনুর্বর ভূমিতে অনুসন্ধান চালানোর জন্য সবচেয়ে ভালো বাহক ছিল এ উটগুলোই।উনিশ শতকের শেষে ট্রাক ও ট্রেনের মাধ্যমে ওই সব অনুসন্ধানের কাজ করা হতে শুরু করে। উটের ব্যবহার কমে যায়। তাই দক্ষিণ অস্ট্রেলিয়ার সরকার নির্দেশ জারি করে সব উট মেরে ফেলার।কিন্তু এমন নিষ্ঠুর সিদ্ধান্ত এশীয় উটপালকদের কাছে কল্পনাতীত। অস্ট্রেলীয় সরকারের নির্দেশ অমান্য করে তাঁরা সেসব উট ছেড়ে দেন ওই ঊষর জমিতে। আজকে অস্ট্রেলিয়ার উটগুলো ওইসব উটেরই বংশধর, যারা আধুনিক অস্ট্রেলিয়া প্রতিষ্ঠায় শ্রম দিয়েছে। এখন অস্ট্রেলিয়ার ঊষর ভূমিতে উটের সংখ্যা প্রায় ১২ লাখ। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক উটের বাস এখন এ অঞ্চলেই।অস্ট্রেলিয়ার সরকারের ধারণা, এসব উট পরিবেশের জন্য ক্ষতিকর এবং কৃষকদের জন্য হানিকর। সরকারের বক্তব্য, উটের পাল দেশি গবাদিপশুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে, খেতের ফসল খেয়ে ফেলে এবং কখনো কখনো পানির অভাবে ছোট শহরের পানির আধারগুলোতে হামলে পড়ে।উট হত্যার জন্য ২০০৯ সালে অস্ট্রেলিয়ার সরকার এক কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা) বরাদ্দ দেয়। এর পর থেকে বেসরকারি ঠিকাদারেরা হেলিকপ্টার থেকে উট হত্যা করছেন এবং মৃতদেহ মরুতেই ফেলে রাখছেন।অস্ট্রেলীয়দের একাংশ এ হত্যাযজ্ঞের বিরোধিতা করছেন। তাঁদের বক্তব্য, সরকার এভাবে একটি প্রাকৃতিক সম্পদের অপচয় করছে।আলীর প্রয়াসঅন্য আরবদের মতো কাতারের লোকজনও অস্ট্রেলীয় সরকারের উট হত্যার খবর পান ইন্টারনেট ও ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইউটিউবের মাধ্যমে। ঘটনাটি আরবদের যথেষ্ট আন্দোলিত করে। কারণ, আরবদের সংস্কৃতি, ইতিহাস ও অর্থনীতিতে উটের বিশেষ অবস্থান আছে।কাতারের নাগরিক আলী সুলতান আল হাজরি এমনই একজন। তিনি বেড়ে উঠেছেন মরুভূমিতে। নিরক্ষর আলী ১৭ বছর বয়স থেকে মরুভূমিতে উট পালছেন। এটাই তাঁর জীবিকা। তবে এখন কাতারের রাজধানী দোহায় তাঁর একটি খামার আছে। খামারের প্রতিটি উটকে তিনি আলাদা নামে চেনেন। সবার স্বভাবও তাঁর জানা।আলী আল জাজিরার একদল প্রতিবেদকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ায় গেছেন। তাঁর লক্ষ্য উট সমস্যার সমাধানে নিধন ছাড়া ভিন্ন কোনো পথ খুঁজে বের করা। আল জাজিরার ভিডিও দেখতে নিচের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করুন: www.aljazeera.com/programmes/aljazeeraworld/2012/12/20121226115848287535.html