উটপাখির মতো নয়, মাথা উঁচু করে দাঁড়াব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি আলোকিত দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আজ মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রথম আলোর ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।মতিউর রহমান বলেন, ‘২০১১ সালের ৪ নভেম্বর প্রথম আলো ছাপা হয়েছে পাঁচ লাখ তিন হাজার। বাংলাদেশের কোনো পত্রিকার এই রেকর্ড নেই। পাঠকেরা চেয়েছিলেন বলেই আমরা এত দূর আসতে পেরেছি।’মতিউর রহমান বলেন, ‘অন্যায় অনিয়ম দেখলে চুপ করে থাকলে চলবে না। উটপাখি নিয়ে একটি প্রবাদ আছে, উটপাখি ঝড় দেখলে মাথা গুঁজে থাকে। আমারও কি অন্যায় দেখলে মাথা গুঁজে থাকব?’ এরপর তিনি বলেন, ‘আমাদের ইতিহাস তা বলে না। তাই সময় এসেছে দুর্নীতি, অপশাসন, অনিয়ম, অনাচার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার।’মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ পিছিয়ে থাকবে না। অবশ্যই আমার সবাই মিলে আলোকিত বাংলাদেশ গড়ে তুলব। অবশ্যই আমরা মাথা তুলে দাঁড়াব। এ জন্য শুধু কথা নয়, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’মতিউর রহমান বলেন, ‘সারা বিশ্বে সবকিছুর নেতৃত্ব দিচ্ছে তরুণেরা। বাংলাদেশের তরুণেরা মুক্তিযুদ্ধ, ভাষা-আন্দোলনসহ সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের তারুণ্যের শক্তিকে একত্র করে আমাদের এগিয়ে যেতে হবে।’মতিউর রহমান বলেন, ‘আমরা শুধু কথা নয়, কাজ শুরু করেছি। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কেউ বদলে যাও বদলে দাও মিছিলে অংশ নিতে পারবে। আমরা এর মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করতে পারব। আসুন সবাই দেশ গড়ার কাজে অংশ নিই।’মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, প্রতিদিন ৫৩ লাখ পাঠক এখন প্রথম আলো পড়ে। মতিউর রহমানের নেতৃত্বে এক দল দক্ষ, নির্ভীক সাংবাদিক কাজ করছে। তারা প্রতিনিয়ত সব কাজ যাচাই-বাছাই করে কাজ করে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমরা তরুণ ছিলাম। স্বাধীনতার ৪০ বছর পেরিয়েছে। দেশে অনেক সমস্যা আছে। কিন্তু অনেক সমস্যার পরও আমরা সফল হবই। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়তে পারবই। আমাদের ভবিষ্যত্ প্রজন্ম, সে দেশ নিয়ে গর্ব করতে পারবে।’প্রথম আলোর ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামরিক-বেসামরিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।