উটের জকিদের ক্ষতিপূরণ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) উটের জকি হিসেবে ব্যবহূত বাংলাদেশি প্রতিটি আহত শিশুর জন্য ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। এজন্য ৮৭৯ জনের একটি তালিকা করা হয়েছে।ক্ষতিপূরণ বাবদ প্রতিটি আহত শিশুকে এক হাজার ইউএস ডলার (৬৯ হাজার টাকা) থেকে ১০ হাজার ইউএস ডলার (প্রায় সাত লাখ টাকা) পর্যন্ত দেওয়া হবে।আরব আমিরাত সরকারের নেওয়া এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ বৃহস্পতিবার মন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে লে. কর্নেল ইব্রাহীম আল মারজুকির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের তিন সদস্যের একটি প্রতিনিধিদল দেখা করতে এসে এ সিদ্ধান্তের কথা জানায়। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আরব আমিরাত পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ ভ্রাতৃপ্রতিম দুটি মুসলিম দেশ। দুই দেশের মধ্যে চমত্কার সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।