উঠতে কেন অনীহা
নগরবাসীর রাস্তা পারাপারের সুবিধার কথা ভেবে নগরের অনেক জায়গায়ই ডিসিসি ফুটওভারব্রিজ তৈরি করেছে এবং করছে। কিন্তু এগুলোর মধ্যে অনেক আবার থেকে যাচ্ছে অকেজো। পথচারীরা সেই আগের মতোই জীবনের ঝুঁকি নিয়ে এগুলোর নিচ দিয়ে রাস্তা পার হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আজিমপুর, বারিধারা নতুন বাজার, সরকারি বাঙলা কলেজের পাশে কিংবা বিএএফ অফিসার্স মেসের পাশে (নাখালপাড়া ও ঢাকা সেনানিবাসের কাছে) দেখা যাবে ফুটওভারব্রিজে তেমন একটা পথচারী নেই। কোটি টাকা ব্যয়ে নির্মিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশের ওভারব্রিজে কেউ কেউ ওঠে কেবল ময়লা ফেলার জন্য।সড়ক বিভাজকে বেড়া ও মোড়ে পুলিশ প্রহরা থাকায় ফার্মগেটের ফুটওভারব্রিজ ব্যবহারে বাধ্য হয় পথচারীরা। তবে অনেক সময় বেড়াও কাজে আসে না। এমনটা দেখা গেছে নীলক্ষেতে গিয়ে। সেখানে নারী-পুরুষ অনেকেই ফুটওভারব্রিজের বদলে সড়ক বিভাজকের বেড়ার ফোকর গলে সড়ক পার হচ্ছে। এভাবে রাস্তার পার হওয়ার কারণ জানতে চাইলে ধানমন্ডির বাসিন্দা তানিয়া আফরোজ বলেন, ‘মার্কেটে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। সিঁড়ি বেয়ে উঠতে অনেক কষ্ট লাগবে। তাই কম সময়ে এভাবে রাস্তা পার হচ্ছি।’ক্লান্তির হাত থেকে বাঁচতে আর শরীরের আরামের জন্য মানুষ সমতলে পথ চলতে চায়। তাই ফুটওভারব্রিজের বদলে পথচারীরা এগুলোর নিচ দিয়ে রাস্তা পার হয়। এমন কথা জানান স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া।