উঠে এসেই শিরোপা জয়
শিরোপা জয় সব সময়ই মধুর। আর সেই শিরোপাটা যদি হয় দেশের শীর্ষ লিগে উত্তরণের প্রথম মৌসুমেই, তৃপ্তিতে সব অর্জনকেই তা ছাপিয়ে যায়। বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে এমন কিছু রূপকথাতুল্য শিরোপা জয়ের গল্পই তুলে এনেছে ফিফা ডট কম।শুরুটা করা যায় ফ্রান্স থেকে। ১৯৪৯-৫০ মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে উঠে প্রথম মৌসুমেই শিরোপা জেতে বোর্দো। শুরুতে যাদের হিসেবের মধ্যেই রাখেনি কেউ, মৌসুম শেষে সেই বোর্দোই শিরোপা জিতে নেয় রূপকথার মতো। মৌসুমের মাঝপথেও লিলের চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে ছিল বোর্দো। অথচ সেই বোর্দোই শিরোপা জিতে লিলের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে থেকে! মৌসুমের মাঝামাঝি ডাচ উইঙ্গার আলবার্টাস ডি হারডারকে দলে নেয় বোর্দো। তাতেই ঘুরে যায় তাদের ভাগ্যের চাকা। অবশ্য শিরোপার মীমাংসা হয়েছিল শেষ ম্যাচটিতে। বোর্দো তিন পয়েন্টে এগিয়ে ছিল বটে, কিন্তু শেষ ম্যাচে তারা হারলে আর লিল জিতলে, কপাল পুড়ত নবাগত বোর্দোর। কিন্তু ভাগ্যদেবতা যে বোর্দোর রূপকথার গল্পটাই লিখে রেখেছিলেন!বোর্দো-রূপকথার ১৪ বছর পর ১৯৬৩-৬৪ মৌসুমে সেন্ট এতিয়েঁও গড়ে একই কীর্তি। ১৯৫৬-৫৭ মৌসুমেও অবশ্য লিগ ওয়ানের শিরোপা জিতেছিল এতিয়েঁ। কিন্তু পরে নেমে যায় দ্বিতীয় বিভাগে। ১৯৬৩-৬৪ মৌসুমে লিগ ওয়ানে উন্নীত হয়েই ঘরে তুলেছে শিরোপা। এতিয়েঁর এই ঐতিহাসিক সাফল্যে সামনে থেকেই নেতৃত্ব দেন অধিনায়ক আইমে জ্যাক। ১৯৯৮ সালে এই আইমে জ্যাকই কোচ হিসেবে ফ্রান্সকে জেতান এ পর্যন্ত তাদের একমাত্র বিশ্বকাপ।১৯৭৭-৭৮ মৌসুমে আরেক ফরাসি ক্লাব মোনাকোও ভাসে একই গৌরবের আলোয়। মোনাকো এর আগেও দুবার (১৯৬০-৬১ এবং ১৯৬২-৬৩ মৌসুমে) লিগ ওয়ানের শিরোপা জেতে। কিন্তু ১৯৭৫-৭৬ মৌসুমে অবনমিত হয়ে যায় দ্বিতীয় বিভাগে। দ্বিতীয় বিভাগে মাত্র এক মৌসুম খেলে পরের মৌসুমেই উঠে আসে লিগ ওয়ানে এবং উত্তরণের প্রথম মৌসুমেই শিরোপা। মোনাকোর এই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তরুণ গোলরক্ষক জ্যাঁ-লুক এত্তোরির। ৬০৪টি ম্যাচ খেলে এই এত্তোরিই এখনো ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক। মোনাকোর শিরোপা জয়টা বিস্ময় হয়ে আসে সবার জন্যই। এমনকি মোনাকোর খেলোয়াড়েরাও বিশ্বাস করতে পারেননি, শিরোপা জিতবে।একই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে রূপকথার গল্প লেখে নটিংহাম ফরেস্ট। শীর্ষ লিগে উত্তরণের প্রথম মৌসুমেই লিভারপুলকে পেছনে ফেলে শিরোপা জিতে নেয় ফরেস্ট। ফরেস্ট-রূপকথার শেষ এখানেই নয়। পরের দুই মৌসুমেই ব্রায়ান ক্লফের দল জিতে নেয় ইউরোপিয়ান কাপের (বর্তমানে উয়েফা চ্যাম্পিয়নস লিগ) শিরোপা।ইংল্যান্ড থেকে এবার চলুন আর্জেন্টিনায়। দেশের প্রথম রাজ্য দল (ক্লাব) হিসেবে আর্জেন্টিনার প্রথম বিভাগ লিগ শিরোপা জেতে রোজারিও সেন্ট্রাল। শুধু তা-ই নয়, প্রথম রাজ্য দল হিসেবে কোপা লিবার্তোদোরেসে খেলা এবং প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের কীর্তিটাও তাদের। তবে রোজারিওর চমক জাগানিয়া অর্জনটি ১৯৮৬-৮৭ মৌসুমে। দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তরণের প্রথম মৌসুমেই শিরোপা জেতে নগর প্রতিদ্বন্দ্বী নিউয়েল ওল্ড বয়েজকে মাত্র এক পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে! রোজারিও এখন অবশ্য দ্বিতীয় বিভাগে নেমে গেছে, তবে সাম্প্রতিক কিছু উজ্জীবিত পারফরম্যান্স তাদের আবার ইতিহাসের পুনরাবৃত্তি করতে আশা জোগাচ্ছে। আধুনিক ফুটবলে প্রথম বিভাগে উত্তরণের প্রথম মৌসুমেই শিরোপা জেতার অনন্য কীর্তি গড়েছে কাইজারস্লটার্ন। ১৯৯৬-৯৭ মৌসুমের শুরুতে দ্বিতীয় বিভাগে অবনমিত হয় জার্মান ক্লাবটি। কিন্তু কোচ অটো রেহাগেল কখনো আত্মবিশ্বাস হারাননি। পরের মৌসুম ১৯৯৭-৯৮তে প্রথম বিভাগে ফিরেই জিতে নেন শিরোপা। অবশ্য দলটিতে তারকারও ছড়াছড়ি ছিল। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টিতে গোল করে পশ্চিম জার্মানিকে শিরোপা জেতানো আন্দ্রেস ব্রেমা, সিরিয়াসো ফর্জা, মাইকেল বালাক, ওলাফ মার্শাল— কাইজারস্লটার্নের ঐতিহাসিক শিরোপা-সারথি ছিলেন সবাই। এবার দৃষ্টি ফেরাতে হচ্ছে এশিয়ায়। নতুন সহস্রাব্দের শুরুতেই লেবাননের ক্লাব অলিম্পিক বৈরুত গড়ে অনন্য ইতিহাস। যা আগে করতে পারেনি কেউ। দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তরণের প্রথম মৌসুমেই দলটি ভাসে লিগ ও কাপ জয়ের আনন্দে। এবং এই ‘ডাবল’ অর্জনও শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়েই! কাতারে আগের তিন মৌসুমেই শিরোপা জেতে আল-গারাফা। গত মৌসুমেও গারাফার দিকে দৃষ্টি ছিল সবার। নবাগত লেখউইয়াকে কেউ হিসেবেই রাখেনি। কিন্তু শেষ পর্যন্ত তারাই করেছে শিরোপা উৎসব। গল্পের ইতি টানা যায় জাপানি ক্লাব কাশিওয়া রেইসলকে দিয়ে। জাপানের ফুটবল ইতিহাসে টানা দুই বছরে দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ লিগে শিরোপা জয়ের নতুন ইতিহাস লেখে রেইসল। ২০১০ সালে দ্বিতীয় বিভাগে শিরোপা জিতে উঠে আসে প্রথম বিভাগে। এখানেও প্রথম বছরেই শিরোপা। শুধু কী তাই! বিশ্ব ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েও তারা পেয়েছে চতুর্থ স্থান। খলিলুর রহমান