উঠে দাঁড়াতে পারছে মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের গুলিতে আহত পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই উঠে দাঁড়াতে পারছে। কথা বলতে না পারলেও কাগজে লিখে সে ভাব বিনিময়ও করতে পারছে। যুক্তরাজ্যের চিকিৎসকেরা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালের পরিচালক ডেভ রোসার বলেন, অন্যের সাহায্য নিয়ে মালালা পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে পারছে। আহত হওয়ার পর এই প্রথম সে দাঁড়াতে পারল। এ ছাড়া সে নোট লিখে অন্যদের সঙ্গে ভাব বিনিময় করছে।গত ৯ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে অবস্থিত সোয়াত উপত্যকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মালালাকে গুলি করে জঙ্গিরা। পেশোয়ার ও রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে তাকে গত সোমবার যুক্তরাজ্যে পাঠানো হয়। এ ঘটনায় তার কয়েকজন সহপাঠীও আহত হয়। কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মালালা। কুইন এলিজাবেথ ও বার্মিংহাম চিলড্রেনস হাসপাতালের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে। চিকিৎসকেরা নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। আহত ব্রিটিশ সেনাদের চিকিৎসায় দশকব্যাপী অভিজ্ঞতা রয়েছে কুইন এলিজাবেথ হাসপাতালের।হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ (গতকাল শুক্রবার) সকালে মালালার অবস্থা স্বস্তিপূর্ণ ও স্থিতিশীল।’ এতে আরও বলা হয়, ‘মালালার পরিবার এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে।’ আইটিভি টেলিভিশন বলেছে, হাসপাতাল কর্তৃপক্ষ মালালাকে তার বাবার সঙ্গে টেলিফোনে কথা বলার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছেন। যদিও সে এখনো কথা বলতে পারছে না। একজন মুখপাত্রের বরাত দিয়ে চ্যানেলটি বলেছে, ‘আমরা জানি, মালালার মস্তিষ্ক আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে তার মস্তিষ্কের গঠন ও কার্যকারিতায় কোনো ক্ষতি হয়নি।’ এ ছাড়া হাসপাতালের আরেক মুখপাত্র বলেন, মালালার বয়স ১৪ বছর উল্লেখ করা হলেও তার প্রকৃত বয়স ১৫ বছর।এর আগে কুইন এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন, মালালার অবস্থা স্থিতিশীল। বুধবার রাতেও তার অবস্থা ভালো ছিল। এ নিয়ে টানা তিন রাত সে ভালো কাটিয়েছে। চিকিৎসকেরা তার উন্নতিতে সন্তুষ্ট। মারাত্মক ক্ষত থেকে সেরে উঠতে প্রয়োজনে আরও একটি অস্ত্রোপচারের পরিকল্পনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তালেবান-নিয়ন্ত্রিত সোয়াতে নিজের প্রাত্যহিক জীবনযাপন নিয়ে ২০০৯ সালে বিবিসি উর্দুতে লেখালেখির সুবাদে সবার নজরে আসে মালালা। জঙ্গিরা ২০০৭ সালে ওই উপত্যকা দখলে নেওয়ার পর মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু মালালা এ সিদ্ধান্তের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে প্রচারণা চালায়। আর এটা করতে গিয়ে সে তালেবানের রোষানলে পড়ে। এএফপি ও পিটিআই।