আজ রাতেও জনস্রোত নামবে পথে পথে। আজ রাতেও বিজয় উল্লাসে, ভুভুজেলার তীক্ষ ধ্বনিতে কম্পমান হবে বাংলার আকাশ। বহুল সম্ভবের এ রকম একটা স্বপ্নের মায়াঞ্জন চোখে ধরে আজ সকালে ঘুম ভেঙেছে বাংলাদেশের। এখন অপেক্ষা বাদজুমা শেরেবাংলায় সাকিব-আল-হাসানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির টস পর্ব দেখার। তারপর সাত ঘণ্টা ধরে ক্রিকেট সংগীতের আরোহী-অবরোহীর দোলায় চেপে স্বপ্নের পথে নামা। গত শুক্রবারটাকে আবার ঢাকার মাঠে নামিয়ে আনতে মুখিয়ে আছে বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেটাররা।সবাই জানি আজকের ম্যাচটা জেতা কঠিন কর্ম। কঠিন বাংলাদেশের পক্ষে যেমন, তেমনই কঠিন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। কেউ কারও সহজ প্রতিপক্ষ নয়। মানছি দু-দলের ক্রিকেট ঐতিহ্যে অনেক ফারাক। দু-দুটো বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাস অনেক চকচকে। আবার এ মুহূর্তের বাস্তবতায় বাংলাদেশ অনেকটা এগিয়ে। আইসিসি র্যাঙ্কিংয়ে ওদের চেয়ে এগিয়ে থাকা একটা ব্যাপার তো বটেই। সর্বশেষ সিরিজটা ওদের হারিয়েছি। মানছি ওরা দুর্বল দল ছিল, এখন পুনরুত্থিত। কিন্তু গত দুই বছরে আমরাও অনেক পরিণত। দেশের মাটিতে আমাদের তরতাজা অভিজ্ঞতাগুলো বিক্রমের। ওদের রোচের গতি, গেইল, ব্রাভো, পোলার্ড নিয়ে আমাদের যেমন মাথাব্যথা আছে, ওদের ক্যাম্পেও আছে তামিম, ইমরুল কায়েস, সাকিব, আশরাফুল আর আমাদের স্পিন আক্রমণ নিয়ে আতঙ্ক। বাংলাদেশের স্বাগতিক সুবিধা নিয়ে ক্যারিবীয়রাও কম চাপে নেই। হল্যান্ডের সঙ্গে সহজ জয় নিয়ে ওরা নজর ফিরিয়েছে শিরোপার দিকে, সেটাও ওদের জন্য বাড়তি চাপ। অন্যদিকে আইরিশরা ইংলিশদের হারিয়ে আমাদের অনুপ্রাণিত করেছে। দিয়েছে আমাদের আত্মশক্তি সম্পর্কে আরও বড় ধারণা। শক্ত প্রতিপক্ষ সংহারে আমরা এখন আরও উজ্জীবিত।কেমার রোচের ১০ ওভার সামলানোর একটি অনুমেয় বাড়তি দায় যদি আমাদের থাকে, তবে তার বিপরীতে আমাদের ঘূর্ণিমঞ্চে ৪০ ওভারের স্পিন নিয়ে ওদেরও সাবধানী হওয়ার দায় পড়ছে। সুলেমান বেনকে নিয়ে বাড়তি ভাবনার কারণ দেখি না। বাংলাদেশে শস্যের মতো বাঁহাতি স্পিনারের চাষ হয়। আমাদের ব্যাট, আমাদের পা সড়গড় আছে ওই বিষয়ে। আজকের ম্যাচে মানসম্পন্ন স্কিলকে ততোধিক মানসম্পন্ন স্কিল দিয়ে প্রতিহত করে এগিয়ে যেতে হবে। আজ হবে পরিকল্পনা আর প্রতিপরিকল্পনার লড়াই। মনোবল আর আত্মপ্রয়োগের মাত্রার লড়াই। এ লড়াই জেতার উপকরণগুলো আমাদের দলে প্রবলভাবে উপস্থিত। বারুদ মজুদ আছে, প্রয়োজন প্রয়োজনীয় সময়ে অগ্নিসংযোজন।বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে পৌঁছার পরিপ্রেক্ষিতে আজ জেতাটা ভীষণ জরুরি। আজ জিতলে আরামে এগোনো যাবে। জেতা সম্ভব। শুধু বিশ্বাসে নয়, প্রতিভার দীপ্তিতে, প্রস্তুতির প্রাবল্যে সম্ভব। চারদিকে আজ সেই বিজয়ের আহ্বান। সারা বাংলাদেশ মধু কবির ভাষায় ক্রিকেট সন্তানদের যেন বলছে: ‘নগর দুয়ারে অরি/ উঠো অরিন্দম/ এ বিপুল কুলমান/ রাখো এ সমরে।’