যশোরখুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, রাজবাড়ী, যশোর ও মাগুরা
উড়ল বেলুন বাংলা ভাষার
২৯ মার্চ। যশোর অঞ্চলের ভাষা প্রতিযোগের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আকাশে উড়িয়ে দেওয়া হলো এক ঝাঁক বেলুন। নানা রঙের বেলুনে আকাশের একটা অংশ বর্ণিল হয়ে উঠল। আমার কাছে মনে হলো, আকাশের ওই অংশটা বাংলা ভাষার।পৃথিবীতে এত এত ভাষা। কিন্তু বাংলা ভাষার সৌন্দর্য ও শক্তি সত্যিই বিস্ময়কর। ছেলেমেয়েরা প্যান্ডেলের নিচে বসে প্রশ্ন করছিল। উদ্বোধনের পর পরীক্ষার হলে গিয়ে ছোট্ট একটা পরীক্ষা দিয়ে আসার পর চলছিল প্রশ্নোত্তর পর্ব। ওদের প্রশ্ন শুনে মনে হচ্ছিল, বাংলা ভাষার শক্তি ও সৌন্দর্যকে ওরা খুঁজে পেতে চায়।একজন প্রশ্ন করল, ‘তাঁর’ কিংবা ‘তার’—এই দুটি সর্বনাম লেখার সময় কখনো চন্দ্রবিন্দু দেওয়া হয়, কখনো-বা হয় না। কেন? আরেকজন প্রশ্ন করল, বাংলা স্বরবর্ণ থেকে ৯ (লি)-কে বাদ দেওয়া হয়েছে। কিন্তু ‘ঋ’-কে বাদ দেওয়া হয়নি কেন? একজনের জিজ্ঞাসা, ‘গণ্ডগ্রাম’ বলতে অভিধানে আছে বড় গ্রাম। কিন্তু অজপাড়াগাঁ বোঝাতে গণ্ডগ্রাম ব্যবহূত হয় কেন?তবে যশোর অঞ্চলের অধিকাংশ প্রশ্নই ছিল প্রাণের আবেগের জায়গা থেকে। যেমন তারিখটা একুশে ফেব্রুয়ারি না হয়ে আটই ফাল্গুন হলেই তো ভালো হতো। আমাদের দেশের অনেক প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে রয়েছে। এগুলোকে কি বাংলা করে দেওয়া যায় না? ইংরেজি-হিন্দি এসব ভাষার প্রভাবে বাংলা ভাষার কি ক্ষতি হচ্ছে? এ রকম নানা প্রশ্ন।শিক্ষকেরা মঞ্চে বসে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। মঞ্চের মধ্যমণি হয়ে বসে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক। তাঁর ডানে-বাঁয়ের চেয়ারগুলোতে আরও অন্তত আট-দশজন শিক্ষক। ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ মো. রজিকুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ ও প্রভাষক বাকী বিল্লাহ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল আলম এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারিক মনজুর। এত সব শিক্ষককে জায়গা দিতে গিয়ে আমি পড়ে গেলাম এক কোনায়।যশোর অঞ্চলের ভাষা প্রতিযোগের আগের দিন ছিল হরতাল। তাই ঢাকা থেকে আমরা ছোট্ট একটা দল নিয়ে আকাশপথেই উড়াল দিয়েছিলাম। অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যার আগেই আমরা যশোরে হাজির।পরদিন ২৯ মার্চ সকাল নয়টার আগেই অতিথিরা হাজির হয়ে গেছেন যশোর জিলা স্কুলে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও রাজবাড়ী—আশপাশের জেলাগুলো থেকেও শিক্ষার্থীরা হাজির। ১২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮৪৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগকে সুন্দর করে তুলল।সকাল সোয়া নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমীরুল আলম খান এবং ভাষা প্রতিযোগের পতাকা তোলেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে থাকে। এরপর শুরু হয় পরীক্ষা।৩০ মিনিটের পরীক্ষা শেষ হলে সবাই এসে প্যান্ডেলের নিচে বসে। প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূরের আকর্ষণীয় উপস্থাপনা ও সঞ্চালনায় মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই গান গেয়ে শোনান ক্লোজআপ ওয়ান তারকা কৌশিক। নাচ পরিবেশন করেন বন্ধুসভার হাফসা ও মুনিয়া। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।মঞ্চে যখন প্রশ্নোত্তর পর্ব চলছে, ততক্ষণে ভেতরে চলছে শিক্ষার্থীদের খাতা দেখার কাজ। এরপর সরাসরি পুরস্কার বিতরণী পর্ব। দিনটি শুক্রবার হওয়ায় জুমার নামাজের আগেই উৎসব শেষ করা হয়।উৎসবের পরও শিক্ষার্থীদের কেউ কেউ এদিক-ওদিক ঘোরাফেরা করছিল। দু-একজন ছবিটবিও তুলছে। এরপর আমাদের দুপুরের খাবার খাওয়ার পালা। চটজলদি খাওয়া সেরে ভাষা প্রতিযোগের দল নিয়ে আমরা মাইক্রোবাসে রওনা দিলাম বরিশালের উদ্দেশে। পরদিন যে ওখানেই অনুষ্ঠান।