উড্ডয়ন নিরাপত্তা উদ্বেগের তালিকামুক্ত হলো বাংলাদেশ
অবশেষে বিশেষ নিরাপত্তা উদ্বেগের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)। ফলে এখন বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত বিমানের যুক্তরাষ্ট্র ও ইউরোপের আকাশে ঢুকতে আর বাধা থাকল না।জাতিসংঘের অধীন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল শনিবার বাংলাদেশকে এই তালিকা থেকে বাদ দিয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি ও রেগুলেশন) উইং কমান্ডার এস এম নাজমুল আনাম।এ সংক্রান্ত নথিপত্রে দেখা যায়, ২০০৯ সালের জুনে আইকাও বাংলাদেশকে বিশেষ উড্ডয়ন নিরাপত্তা উদ্বেগের (সিগিনফিকেন্ট সেফটি কনসার্ন—এসএসসি) দেশ হিসেবে তালিকাভুক্ত করে। আইকাওয়ের তখনকার নিরীক্ষা প্রতিবেদনে দক্ষভাবে পর্যবেক্ষণ, পরিচালন ও মান উন্নয়ন নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঘাটতি ও ত্রুটির কথা বলা হয়। এর মধ্যে ‘এয়ার অপারেটর লাইসেন্স’ (এওসি) দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম পাওয়া যায়; যা বিশ্বব্যাপী বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইকাওয়ের উড্ডয়ন-সংক্রান্ত নিরাপত্তা নীতিমালার চরম লঙ্ঘন।এ ছাড়া ওই প্রতিবেদন পরিচালনার ক্ষেত্রে সাতটিসহ প্রকৌশল, এয়ার নেভিগেশন ও আইন মানার ক্ষেত্রে সিভিল এভিয়েশনের অনেকগুলো ত্রুটি চিহ্নিত করা হয়। আইকাও এ ধরনের নিয়ন্ত্রণকারী সংস্থার লাইসেন্সপ্রাপ্ত বিমান সংস্থাকে ঝুঁকিপূর্ণ মনে করে। আর এই তালিকাভুক্তির কারণে বাংলাদেশ বিমান নতুন প্রজন্মের উড়োজাহাজ কেনার পরও নিউইয়র্ক ফ্লাইট শুরু করতে পারেনি।সিভিল এভিয়েশন সূত্র জানায়, এসএসসির তালিকাভুক্তি থেকে রেহাই পেতে আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী কয়েক বছর ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছিল। আইকাওয়ের নির্দেশনা ও সুপারিশগুলো বাস্তবায়িত হয়েছে কি না, তা দেখতে একটি প্রতিনিধিদল গত ২১ থেকে ২৭ জুন ও ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত দুই দফায় নিরীক্ষা করে।জানা গেছে, আইকাও সারা বিশ্বে এ রকম ১০টি দেশকে চিহ্নিত করেছিল। এ তালিকায় এশিয়ায় বাংলাদেশ ও নেপাল এবং বাকি আটটি আফ্রিকার ছোট ছোট দেশ।বাংলাদেশের সিভিল এভিয়েশনের এসব ত্রুটি ও তালিকাভুক্তির ব্যাপারে ২০০৯ সালের ২৮ আগস্ট প্রথম আলোতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়।