বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার শিল্পাঞ্চল গতকাল বুধবারও উত্তাল ছিল। সকাল থেকেই শ্রমিক-পুলিশ সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো শিল্পাঞ্চলে। দফায় দফায় সংঘর্ষে ২০ পুলিশ সদস্যসহ দেড় শতাধিক শ্রমিক আহত হন। বিক্ষুব্ধ শ্রমিকেরা ভাঙচুর করেন অর্ধশত যানবাহন। ছুটি ঘোষণা করা হয় তিন শতাধিক পোশাক কারখানায়।এদিকে বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব কারখানা আজ বৃহস্পতিবার থেকে চালু করার সিদ্ধান্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে পোশাক কারখানার মালিক, শ্রমিক, সাংসদ, পুলিশ, র্যা বসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এই বৈঠক হয়।গতকালের ব্যাপক শ্রমিক অসন্তোষের সূচনা হয় মঙ্গলবার রাতে। শিল্প পুলিশসহ একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে হা-মীম গ্রুপের এক্সপ্রেস ওয়াশিং লিমিটেড কারখানায় রাতের পালার হাজার খানেক শ্রমিক কাজে যোগ দেন। কাজ শুরুর ১৫ মিনিট পর ওই কারখানার ড্রাই প্রসেস বিভাগের প্রায় ৪০০ শ্রমিক কাজ বন্ধ করে ওয়াশিং বিভাগের শ্রমিকদের কাজে বাধা দেন। ওয়াশিং বিভাগের প্রায় ৬০০ শ্রমিক কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে ড্রাই প্রসেস বিভাগের শ্রমিকেরা তাঁদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় কারখানার ভেতরে উপস্থিত শিল্প পুলিশের সদস্যরা তাঁদের বাধা দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের লাঠিপেটায় আহত হন অর্ধশত শ্রমিক। প্রতিবাদে রাতেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন এবং মুঠোফোনে ওই খবর ছড়িয়ে দেন বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাতেই হা-মীম গ্রুপের সব কারখানায় ছুটির নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। গতকাল সকাল সাতটার দিকে আশুলিয়ার শিল্পাঞ্চলের তিন শতাধিক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হন। কিন্তু কাজ না করেই শ্রমিকেরা একযোগে কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় আশুলিয়ার বাইপাইল, ইউনিক, জামগড়া, সরকার মার্কেট, ঘোষবাগ, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, বাংলাবাজার, জিরাব, কাঠগড়া ও কুটুরিয়াসহ আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক জনসমুদ্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।সরেজমিনে দেখা গেছে, কারখানা থেকে বের হয়ে শ্রমিকেরা লাঠি ও ইটপাটকেল হাতে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ তাঁদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো শিল্পাঞ্চলে। রণক্ষেত্রে পরিণত হয় নরসিংহপুর, বাংলাবাজার, নিশ্চিন্তপুর, ইউনিক, জামগড়া ও বাইপাইল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটার পাশাপাশি রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় লাঠিপেটা ও গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৫০ জন শ্রমিক আহত হন।শিল্প পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে নিশ্চিন্তপুর এলাকার অনন্ত পোশাক কারখানার শ্রমিকেরা কর্তব্যরত পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এতে শিল্প পুলিশের অন্তত ২০ জন সদস্য আহত হন। আহতদের মধ্যে নন্দিতা, দীপু বিশ্বাস, আসাদ মিয়া, শামীম, মোফাজ্জল, রতন ও মমতাজকে স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দিকে সকাল সাড়ে নয়টার দিকে হাজার তিনেক শ্রমিক মিছিল নিয়ে নবীনগর-কালিয়াকৈর সড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।প্রধানমন্ত্রীর আশ্বাস: পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়লে সকাল পৌনে ১০টার দিকে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের উদ্দেশে মাইকে প্রচার করা হয়, ‘আপনাদের দাবি-দাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী অবগত আছেন। তিনি আলোচনা করে সমস্যা সমাধান করবেন। আপনারা ধৈর্য ধরুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন।’ এরপর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা বাড়ি চলে গেলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে।প্রধানমন্ত্রীর এই আশ্বাসের বিষয়ে জানতে চাইলে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া বলেন, ‘উচ্চপর্যায় থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর ওই ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টদের বক্তব্য: মঙ্গলবার রাতে হা-মীমের শ্রমিকদের ওপর পুলিশের হামলা প্রসঙ্গে ওই প্রতিষ্ঠানের ড্রাই প্রসেস বিভাগের রাতের পালার দায়িত্বরত কর্মকর্তা আবুল হাশেম জানান, তাঁর বিভাগের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ করতে অপারগতা জানান। এতে পুলিশ শ্রমিকদের কারখানার ভেতরে অবরুদ্ধ করে নির্মমভাবে লাঠিপেটা করে। অনেক শ্রমিক গুরুতর আহত হন। হা-মীম গ্রুপের আশুলিয়া জোনের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার (অব.) মোহাম্মদ আলী মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘কাজ বন্ধ করতে অস্বীকার করায় ড্রাই প্রসেস বিভাগের শ্রমিকেরা ওয়াশিং বিভাগের শ্রমিকদের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ শ্রমিক অসন্তোষের ব্যাপারে শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুর রউফ বলেন, ‘শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি একেবারে অযৌক্তিক নয়। বাসাভাড়া আর সংসারের খরচ চালাতে গিয়ে মাসের শেষে কিছু থাকে না। এ কারণেই শ্রমিকেরা আন্দোলন করছেন।’পুলিশ সুপার জানান, ‘শ্রমিক অসন্তোষ প্রশমনের উপায় বের করতে আজ (গতকাল) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আরও আলাপ-আলোচনা চলবে। আলোচনার মাধ্যমেই সমাধানের উপায় বের করতে হবে। গাজীপুরেও বিক্ষোভ, মহাসড়ক অবরোধগাজীপুর প্রতিনিধি জানান, জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার গোমতী টেক্সটাইল কারখানার শ্রমিকেরা গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকেরা মে মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করে সড়কের ওপর শুয়ে পড়েন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজীপুর শিল্প ও কালিয়াকৈর থানার পুলিশ। তারা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকেরা।গোমতী টেক্সটাইলের উৎপাদন কর্মকর্তা আবু হানিফ বলেন, শ্রমিকদের বকেয়া বেতন বিকেলের মধ্যে পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হয়ে দুপুরের খাবার খেতে বাসায় চলে যান। খাবার শেষে শ্রমিকেরা আবার কাজে যোগ দেন।