উত্তপ্ত নারায়ণগঞ্জ, শহর জুড়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হচ্ছে না, এমন খবরে শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ওই খবর নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়লে শহরের বালুর মাঠ, চাষাঢ়া, উকিলপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে শত শত লোক বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব এলাকায় জড়ো হয়। শহরের চাষাঢ়া জিয়া হলের সামনেও শত শত লোক জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে।এ সময় বিক্ষোভকারীরা বলে, সেনা মোতায়েন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সেনা মোতায়েন ছাড়া তারা নির্বাচন বন্ধের দাবি জানায়।শেষ খবর পাওয়া পর্যন্ত শহর জুড়ে বিক্ষোভ চলছে। সরকারের এ সিদ্ধান্ত ভোটাররা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।এ সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, ‘এ নির্বাচন কমিশন নতজানু কমিশন। তারা কথা দিয়ে কথা রাখতে পারেনি। তারা সরকারের দালাল। এখন থেকে যা কিছু হবে তার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। আমরা জেনে আসছিলাম যে গভীর ষড়যন্ত্র চলছে, এটা তারই অংশ।’সেনা মোতায়েন না করা প্রসঙ্গে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভী বলেন, ‘নির্বাচন কমিশন বারবার বলেছিল সেনা মোতায়েন করা হবে। কিন্তু তারা কথা দিয়ে কথা রাখতে পারল না। হয়তো আরও গভীর ষড়যন্ত্রের কারণেই নির্বাচন কমিশন সেনা মোতায়েনের কথা বলে তা বাস্তবায়ন করতে পারল না। তবে আমি মনে করি, লাখ জনতাই হবে আমার সেনাবাহিনী। তাদের সঙ্গে নিয়ে আমি নির্বাচন করতে চাই। আমি সব ষড়যন্ত্রের জবাব দিতে চাই।’এদিকে নারায়ণগঞ্জ সম্মিলিত নাগরিক পরিষদ মন্তব্য করেছে, একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার। আজ রাত নয়টায় আবারও একটি জরুরি বৈঠকের আহ্বান করেছে সম্মিলিত নাগরিক পরিষদ।