উত্তমের মা ও খালাকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ফেসবুকে পবিত্র কোরআনের অবমাননাকর ছবি ট্যাগকারী উত্তম বড়ুয়ার মা, খালা ও শিশুকে আটক রাখা বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট। তাঁদের তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়, তাঁরা চাইলে চট্টগ্রাম সার্কিট হাউসে থাকতে পারেন। এ ক্ষেত্রে বিবাদীরা তাঁদের নিরাপত্তা ও আশ্রয় নিশ্চিত করবে। তাঁরা চাইলে আইন ও সালিশ কেন্দ্রের হোমেও থাকতে পারেন বলে আদালত উল্লেখ করেছেন। গত মঙ্গলবার ‘উত্তমের মা মাসি রিমান্ডে’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয় একটি জাতীয় দৈনিকে। এ বিষয়ে একটি ইংরেজি দৈনিকেও প্রতিবেদন ছাপা হয়। এর ভিত্তিতে আদালত রুল জারি করেন। স্বতঃপ্রণোদিত রুলে আজ আইন ও সালিশ কেন্দ্র ব্যাখ্যাদানকারী হিসেবে পক্ষভুক্ত হয়। আদালতে আইনজীবী জেড আই খান পান্না ও অবন্তি নুরুল শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রামুর ঘটনার পরদিন থানায় একটি মামলা হয়। উপজেলা সদরের হাইটুপি গ্রামের বাসিন্দা উত্তম বড়ুয়ার ফেসবুকে পবিত্র কোরআনের অবমাননাকর ছবি ট্যাগ করার ঘটনা নিয়ে সহিংসার পরিপ্রেক্ষিতে ওই মামলা হয়। তখন রামু পুলিশ মামলার আসামি উত্তম বড়ুয়াকে না পেয়ে তাঁর মা মাধু বড়ুয়া (৪১), মাসি আদি বড়ুয়া (২৬) ও এক শিশুকে থানায় নিয়ে যায়। কিন্তু ১ অক্টোবর পুলিশ এ মামলায় মাধু বড়ুয়া ও মাসি আদি বড়ুয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় । আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত সোমবার পুলিশ তাঁদের আদালতে আবার হাজির করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, ফেসবুকে পবিত্র কোরআনের অবমাননাকর ওই ছবি ট্যাগ করার ঘটনা থেকে কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহারে হামলার ঘটনা ঘটে।