উত্তর আয়ারল্যান্ডে ক্যাথলিক-প্রোটেস্টান্ট দাঙ্গা
উত্তর আয়ারল্যান্ডে প্রধান শহর বেলফাস্টে গতকাল মঙ্গলবার ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশ তাদের দাঙ্গা দমনে ক্যাথলিকদের লক্ষ্য করে প্লাস্টিকের গুলি ও গরম পানি নিক্ষেপ করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, অতীতের এক বিজয়ের বার্ষিকী উপলক্ষে বেলফাস্টে ক্যাথলিক এলাকায় প্রোটেস্টান্টরা শোভাযাত্রা বের করলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। প্রেটেস্টান্টরা দাবি করেছে, তাদের শোভাযাত্রাটি ছিল শান্তিপূর্ণ। কিন্তু ক্যাথলিকরা তাদেরকে লক্ষ্য করে বোতল, পাথর ও পেট্রল বোমা নিক্ষেপ করে। তারা দুটি গাড়িতে আগুনও দেয়।ক্যাথলিকরা প্রেটেস্টান্টদের ওই শোভাযাত্রাকে উসকানিমূলক বলে অভিহিত করে।পুলিশ জানিয়েছে, ক্যাথলিকদেরকে সহিংসতা থেকে বিরত রাখতে তারা প্লাস্টিকের গুলি ও গরম পানি নিক্ষেপ করে। এ ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। পুলিশ আরও জানিয়েছে লন্ডনডেইরি, নিউরি, আরমাগ ও বেলফাস্টের কেন্দ্রস্থলে মার্কেট এলাকায়ও দাঙ্গা হয়।১৬৯০ সালে প্রোটেস্টান্ট রাজা উইলিয়াম ক্যাথলিক রাজা জেমসকে পরাজিত করেন। রাজা উইলিয়ামের এই বিজয় আয়ারল্যান্ডে প্রোটেস্টান্টদের কর্তৃত্ব নিশ্চিত করতে সহায়তা করে। এ উপলক্ষে প্রতি বছর প্রোটেস্টান্টরা শোভাযাত্রা বের করে এবং এ নিয়ে উভয় পক্ষে সহিংসতার ঘটনা ঘটে।উত্তর আয়ারল্যান্ডে দীর্ঘদিন ধরে প্রোটেস্টান্ট ও ক্যাথলিকদের মধ্যে সংঘাত চলছে। প্রোটেস্টান্টরা চান, উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে থাকুক। আর আইরিশ জাতীয়তাবাদী ক্যাথলিকরা চান, উত্তর আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে থাকুক।