উত্তর ইউরোপে তীব্র তুষারপাত অব্যাহত, নিহত ২৮
উত্তর ইউরোপের বিভিন্ন দেশে অব্যাহত তীব্র তুষারপাত ও ঠান্ডা আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সপ্তাহের শেষ নাগাদ ঠান্ডার মাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।ঠান্ডা আবহাওয়া ও তুষারপাতজনিত দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ২৮ ব্যক্তি প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। তীব্র তুষারপাতের কারণে সড়ক ও রেল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বলকান অঞ্চলে অতি বন্যায় সহস্রাধিক মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। গত কয়েক দিনে পোল্যান্ডে তাপমাত্রা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় দেশটিতে এ পর্যন্ত ১৮ ব্যক্তি প্রাণ হারিয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতের বেশির ভাগই গৃহহীন। এ ছাড়া একই কারণে রাশিয়ার মস্কোতে তিনজন এবং জার্মানিতে দুজনের মৃত্যু হয়েছে। তীব্র তুষারপাতের কারণে উচ্চগতিসম্পন্ন আন্তনগর ট্রেনের দীর্ঘ যাত্রাবিরতিতে জামার্নির হাজার হাজার যাত্রী ট্রেনে রাতযাপনে বাধ্য হচ্ছে।তুষারপাতের তীব্রতায় লন্ডনের হিথ্রো, প্যারিসের চার্লস দ্য গল, আমস্টারডামের শিফল, বার্লিন টেগেল বিমানবন্দরের ফ্লাইট চলাচল বিলম্বিত হয়েছে। লন্ডনের গ্যাটোয়িক বিমানবন্দর দুই দিন বন্ধ থাকার পর আজ সকালে আবার চালু হয়েছে। তবে আবহাওয়ার কারণে যাত্রা বিলম্ব ও ফ্লাইট বাতিল করা হতে পারে বলে যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে। লন্ডনের সিটি বিমানবন্দর এবং স্কটল্যান্ডের এডিনবার্গ বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। সার্বিয়া থেকে প্রবাহিত ঠান্ডা আবহাওয়ার কারণে উত্তর ইউরোপের প্রধান শহরগুলোতে তাপমাত্রা গড়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। প্রবল বর্ষণে আলবেনিয়া, বসনিয়া ও সার্বিয়ার বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যার পানি বাড়তে থাকায় সহস্রাধিক লোক ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অনেক এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিবিসি।