উত্তর ইরাকের বাজারে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩০, আহত ৮০
উত্তর ইরাকের দিয়ালা প্রদেশের একটি জনবহুল বাজারে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং প্রায় ৮০ জন গুরুতর আহত হয়েছে।গতকাল শুক্রবার বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দূরে দিয়ালা প্রদেশের উত্তরাঞ্চলের খালিস শহরে পুলিশের সদর দপ্তরের কাছেই একটি বিস্ফোরকভর্তি মিনি ভ্যান পার্ক করা ছিল। সূর্যাস্তের কাছাকাছি সময়ে তীব্র শব্দে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। এলাকাটিতে তখন ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। পুলিশের লেফটেন্যান্ট আবদুল জব্বার ইহমইদ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিস্ফোরণটি ছিল প্রচণ্ড শক্তিশালী। বিস্ফোরণে অনেক দোকান বিধ্বস্ত হয় এবং অনেক ছাদ ধসে পড়ে। একটি কফি দোকানের ছাদ ছিল লোকজনে পূর্ণ। তাদের সবাইকে নিয়ে ছাদটি ভেঙে পড়ে। তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ চাপা পড়ে আছে।’ দিয়ালার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সাদিক আল-হুসাইনি বলেন, এই বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ৮০ ব্যক্তি আহত হয়েছে।২০০৬-০৭ সালে ইরাকে সংঘটিত সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের পর দেশটিতে সহিংসতা উল্লেখজনকভাবে কমে গিয়েছিল। কিন্তু বোমা বিস্ফোরণ এখনো নিয়মিত ঘটে চলেছে। বিশেষ করে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের পর বিদ্রোহীরা সংঘবদ্ধ হতে থাকে। বিদ্রোহীদের প্রধান ঘাঁটি মূলত সুন্নি অধ্যুষিত দিয়ালা প্রদেশ ও উত্তর ইরাকের অন্যান্য অঞ্চল। গত মার্চে খালিস শহরের আরেকটি বাজারে বোমা বিস্ফোরণে প্রায় ৬০ ব্যক্তি নিহত হয়। গত সোমবার একজন ইমাম আল-কায়েদার সমালোচনা করায় ইরাকি সেনাবাহিনীর পোশাক পরা বন্দুকধারীরা তাঁর শিরশ্ছেদ করে মাথাটি দিয়ালা প্রদেশের সাদিয়া গ্রামের একটি বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখে। পুলিশ জানায়, তারা জানতে চায়, যেখানে গাড়ি চলাচলের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয় সেখানে আক্রমণকারীরা কী করে ওই মিনি ভ্যানটি খালিস শহরের বাজারে নিয়ে এল। এলাকাটিতে সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ। ঘটনাটি তারা তদন্ত করে দেখছে। পুলিশ আরও জানায়, গত শুক্রবারও উত্তরাঞ্চলীয় নিমরুদ শহরে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে আল-কায়েদা পরিচালিত আক্রমণে ইরাকে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে।