উত্তর ককেসাসে রুশ সেনা অভিযানে নিহত ৪৯
রুশ সেনাবাহিনী আজ রোববার জানিয়েছে, উত্তর ককেসাসে অভিযান চালিয়ে তারা কমপক্ষে ৪৯ জন জঙ্গিকে হত্যা করেছে। কয়েক দিন আগে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অঞ্চলে জঙ্গি তত্পরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন।রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, মুসলিমপ্রধান কয়েকটি অঞ্চলে অভিযান চালিয়ে কয়েকজন গেরিলা কমান্ডার ও তাদের অনুসারীদের সমূলে উত্পাটন করা হয়েছে। ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, এই সমন্বিত অভিযানের মাধ্যমে বেশ কয়েকজন কুখ্যাত গুন্ডা, তাদের সহযোগী ও অনুসারীদের হত্যা করা হয়েছে। তাদের ডাকাতির চক্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।কমিটি আরও জানায়, বিশাল এলাকাজুড়ে পরিচালিত অভিযানে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন এবং তাঁরা ৯০টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কমিটি এটা নিশ্চিত করেনি যে ওই অভিযান কবে শুরু হয়েছিল।গত শুক্রবার পুতিন উত্তর ককেসাস বিষয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসেন। ওই অঞ্চলকে পুরোপুরি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার জন্য তিনি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের দায়ী ও ভর্ত্সনা করেন। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর কয়েক বছরের মধ্যে ককেসাস অঞ্চলে স্বাধীন চেচনিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতাকামীদের সঙ্গে রুশ সেনাবাহিনীর দুই দফা যুদ্ধও হয়ে গেছে।ককেসাস অঞ্চলে জঙ্গি তৎপরতা শুরু হলে চেচনিয়া, দাগেস্তান ও ইংগুশেটিয়ায় ব্যাপক দমন অভিযান চালানো হয়।