উত্তর কোরিয়া পরমাণু আলোচনায় বসতে আগ্রহী
পরমাণু অস্ত্রমুক্ত কোরিয়া উপদ্বীপ গড়ার লক্ষ্যে পিয়ংইয়ং নতুন করে ছয় জাতি আলোচনায় বসার ব্যাপারে তাদের আগ্রহের কথা জানিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে এক আলোচনায় দেশটির দ্বিতীয় শীর্ষ নেতা কিং ইয়ং তাঁদের এ আগ্রহের কথা ব্যক্ত করেন। টর্পেডো হামলায় দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বেশ কিছু দিন ধরে উত্তেজনা চলছিল। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় ও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। দেশ দুটির মধ্যে বিরাজমান উত্তেজনা হ্রাস করার লক্ষ্যেই জিমি কার্টার উত্তর কোরিয়া সফর করেন। আজ শুক্রবার তিনি পিয়ংইয়ং ত্যাগ করেছেন।এদিকে উত্তর কোরিয়া তাদের দেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আট বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া মার্কিন নাগরিক এইজোলেন মাহলি গোমেজকে মুক্তি দিয়েছে। গত জানুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিমি কার্টার মুক্তি পাওয়া মার্কিন নাগরিক এইজোলেনকে সঙ্গে নিয়ে আজ সকালে উত্তর কোরিয়া ত্যাগ করেন।—রয়টার্স