উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধকে স্বাগত জানাল সিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাত্রা বৃদ্ধি করার মার্কিন উদ্যোগকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে একই সঙ্গে বন্যাক্রান্ত উত্তর কোরিয়াকে বড় ধরনের অর্থনৈতিক সহায়তারও প্রস্তাব করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সোমবার উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাত্রা বৃদ্ধির ঘোষণা দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসকারী চারজন উত্তর কোরীয় নাগরিক ও আটটি প্রতিষ্ঠানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবিয়ে ৪৬ জন নাবিকের প্রাণহানি ঘটানোর দায়ে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশা করছেন, এই পদক্ষেপ উত্তর কোরিয়াকে তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ করতে বাধ্য করবে। এদিকে পিয়ংইয়ং নতুন করে ছয় জাতি আলোচনায় বসার ব্যাপারে তাদের ইচ্ছার কথা প্রকাশ করলেও সিউল ও ওয়াশিংটন সে প্রস্তাবে কোনো আগ্রহ দেখায়নি। তাদের দাবি, যেকোনো আলোচনায় বসার আগে উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার করতে হবে।দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘সিউল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ এত দিনে পরিপূর্ণতা পেয়েছে।’ দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানালেও একই সঙ্গে বন্যাক্রান্ত উত্তর কোরিয়াকে ৮.৪ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার প্রস্তাবও করেছে। পিয়ংইয়ং যদি এই প্রস্তাব গ্রহণ করে, তবে তা হবে যুদ্ধ জাহাজ ডুবির ঘটনার পর উত্তর কোরিয়াকে দেওয়া দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় আকারের সাহায্য। গত জুলাই মাস থেকে উত্তর কোরিয়ার উত্তর অঞ্চলে প্রবল বর্ষণের ফলে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারায় এবং ফসলের জমি পানির নিচে তলিয়ে যায়। -রয়টার্স।