উত্তর কোরিয়ার প্রতিবাদ সত্ত্বেও যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার প্রবল প্রতিবাদ ও যুদ্ধের হুমকি অগ্রাহ্য করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী আজ রোববার বড় ধরনের এক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবানোর অভিযোগ করার পর কমিউনিস্ট-শাসিত এ দেশটিকে ভবিষ্যতে এ রকম কর্মকাণ্ডের জন্য কী ধরনের পদক্ষেপের সম্মুখীন হতে পারে তা সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়াই মহড়াটির লক্ষ্য।এদিকে পিয়ংইয়ং বলেছে, এ মহড়া কোরীয় উপদ্বীপকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।পরমাণু অস্ত্রসমৃদ্ধ বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটনসহ মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বন্দর থেকে এ মহড়া শুরু করে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক চলাকালে এ জাহাজগুলো ওই বন্দরগুলোতে এসে পৌঁছে।উত্তর কোরিয়ার প্রভাবশালী জাতীয় প্রতিরক্ষা কমিশন গতকাল শনিবার মহড়াটিকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে এর জওয়াবে যেকোনো সময় ‘পবিত্র যুদ্ধ’ শুরু করার হুমকি দিয়েছে। চীনও এ মহড়ার প্রতিবাদ করেছে।জাপানের চারজন সেনা কর্মকর্তা ইউএসএস জর্জ ওয়াশিংটন থেকে মহড়াটি পর্যবেক্ষণ করবেন।—রয়টার্স