উত্তর কোরিয়ার ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
উত্তর কোরিয়ার প্রধান বৈদেশিক লেনদেনকারী প্রতিষ্ঠান ফরেন ট্রেড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতা করার অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানান ওবামার জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা টম ডানিলন। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গতকাল সোমবার নিউইয়র্কে এশিয়া সোসাইটিতে দেওয়া এক ভাষণে টম ডানিলন বলেন, ‘পিয়ংইয়ং যখন প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন উত্তর কোরিয়ার সঙ্গে চীনের স্বাভাবিক বাণিজ্য চালিয়ে যাওয়া উচিত নয়।’ওবামার এই উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মেনে নেবে না। উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রও হতে পারে। এ ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে থাকব না।’ তিনি বলেন, ওয়াশিংটন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে আগ্রহী। তবে পিয়ংইয়ংকেই প্রথম ‘তাত্পর্যপূর্ণ পদক্ষেপ’ নিতে হবে। এ ছাড়া, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত তিনজন ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাঁর হলেন: উত্তর কোরিয়ার অস্ত্র উত্পাদন ও রপ্তানিবিষয়ক সংস্থার প্রধান পাক তো-চুন, মিউনিশনস ইন্ডাস্ট্রি বিভাগের পরিচালক চু কু-চাং এবং জাতীয় প্রতিরক্ষা কমিশনের ভাইস চেয়ারম্যান ও কুক-রয়ল।একই সঙ্গে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উত্পাদন তদারককারী ‘দ্বিতীয় অর্থনৈতিক কমিটি’র চেয়ারম্যান পিক সে বংগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।