উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি তদন্তের দাবি
উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের প্রধান নাবি পিল্লাই। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান পিল্লাই আজ সোমবার বলেন, উত্তর কোরিয়ায় এক দশক ধরে মানবাধিকার লঙ্ঘিত হয়ে আসছে। এক বছর আগে কিম জং উন ক্ষমতায় অধিষ্ঠিত হন। কিন্তু, এ সময়ে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।উত্তর কোরিয়া বিষয়ে এক বিবৃতিতে পিল্লাই বলেন, ‘অবস্থা যেভাবে গুরুতর হয়ে দাঁড়িয়েছে, তাতে আমি মনে করি জগতের সবচেয়ে খারাপ মানবাধিকার পরিস্থিতি—যা নিয়ে সবচেয়ে কম কথা হয়—সে বিষয়ে আদ্যোপান্ত তদন্ত শুরু হওয়া দরকার। এত দিন এ খারাপ পরিস্থিতিকে কেবল জায়েজ করার চেষ্টা করা হয়েছে এমন নয়, এটাকে উপেক্ষিতও করা হয়েছে।’পিল্লাই বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক গবেষণা কর্মসূচি ও রকেট ছোড়া নিয়ে আন্তর্জাতিক মহল এত বেশি উদ্বিগ্ন যে, তাতে দেশটির শোচনীয় মানবাধিকার পরিস্থিতি ঢাকা পড়ে যাচ্ছে।পিল্লাই আরও বলেন, ‘আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়া দেশটির’ কারাগারে রাজনৈতিক বন্দীর সংখ্যা প্রায় দুই লাখ। এ ছাড়া দেশটিতে ধর্ষণ, নির্যাতন, হত্যা ও বাধ্যতামূলক শ্রম প্রথা জারি আছে। নাবি পিল্লাই বলেন, ‘দেশটিতে নতুন নেতা দায়িত্ব নেওয়ায় সবাই আশান্বিত হয়েছিল যে এবার দেশটিতে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু কিম জং উন দায়িত্ব নেওয়ার এক বছর পার হয়ে গেলেও উন্নতির কোনো লক্ষণ নেই।’