উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল মারা গেছেন (ভিডিও)
উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল (৬৯) গত শনিবার হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থায় আজ সোমবার তাঁর মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক আবেগপূর্ণ বিবৃতিতে বলা হয়, মাত্রাতিরিক্ত শারীরিক ও মানসিক চাপে কিম জং ইল মারা গেছেন।তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কেসিএনএ নিউজ এজেন্সি জানিয়েছে, গত শনিবার রাজধানীর বাইরে সফরের সময় ট্রেনে থাকা অবস্থায় তিনি মারা যান। গতকাল রোববার তাঁর মরদেহের ময়না তদন্ত হয়েছে। কিম জং ইলের মৃত্যুতে দেশটিতে ১৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।কিম জং ইল তাঁর উত্তরসূরি হিসেবে তৃতীয় ছেলে কিম জং উনকে নির্বাচন করে গেছেন বলে ধারণা করা হচ্ছে।বিবিসি অনলাইন জানিয়েছে, কিম জং ইলের মৃত্যুতে উত্তর কোরিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।১৯৯৪ সালে বাবা কিম ইল সাংয়ের মৃত্যুর পর কিম জং ইল সমাজতান্ত্রিক এ দেশটির নেতৃত্ব গ্রহণ করেন। ২০০৮ সালে প্রথমবার তিনি হূদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে তেমনভাবে জনসম্মুখে দেখা যায়নি।