উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য স্থগিত করল সিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতেই দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চিওনান ডুবে যায়—এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর সিউল উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে এ ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে বলেছে।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং-বাক আজ সোমবার বলেন, যারা চিওনানের ওপর আক্রমণ চালিয়েছিল, যে আক্রমণে জাহাজটির ৪৬ জন নাবিক নিহত হন, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। তিনি দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় উত্তর কোরিয়ার সব ধরনের নৌযানের প্রবেশ ও উপস্থিতি নিষিদ্ধ ঘোষণা করেছেন।বিবিসির সিউল সংবাদদাতা জন সাদওয়র্থ বলেন, সামরিক আক্রমণ বাদ দিলে সবচেয়ে কঠোর যেসব পদক্ষেপ নেওয়া সম্ভব, দক্ষিণ কোরিয়া তা নিয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট লি মায়ুং-বাক আরও বলেন, তিনি ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করবেন। এর আগেই জাতিসংঘ আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার নাজুক অর্থনীতি ক্রমাগত আরও দুর্বল হয়ে পড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ে চলমান যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠকে হিলারি ক্লিনটন বলেন, চিওনানের ওপর হামলা চালানোর জন্য পিয়ংইয়ংকে অবশ্যই জবাবদিহি করতে হবে, এর মূল্য দিতে হবে তাকে। চীন হচ্ছে উত্তর কোরিয়ার একমাত্র মিত্র। এখন পর্যন্ত চীন চিওনান আক্রমণের বিষয়ে নীরবতা অবলম্বন করে এসেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও সুইডেনের বিশেষজ্ঞরা গত সপ্তাহে এক প্রতিবেদনে জানান, জাহাজটিকে একটি টর্পেডো আঘাত করে। তাঁরা বলেন, সমুদ্রপৃষ্ঠ থেকে টর্পেডোটির যেসব অংশ ও টুকরা পাওয়া গেছে, সেগুলোতে খোদাই করা হরফগুলো উত্তর কোরিয়ার একটি নকশার হুবহু অনুরূপ।উত্তর কোরিয়া অবশ্য দাবি করে আসছে, চিওনানের ওপর চালানো আক্রমণের সঙ্গে সে কোনোভাবেই সম্পৃক্ত নয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যে অনুসন্ধান চালিয়েছেন, দেশটি তাকে ‘বানোয়াট’ আখ্যা দিয়ে বলেছে, যদি তার ওপর এ কারণে কোনো নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবে সে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে।