উত্তর কোরিয়ার সেনাপ্রধান বরখাস্ত
উত্তর কোরিয়ার সেনাপ্রধান রি ইয়ং-হোকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব পদ থেকেও তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।কেসিএনএর এক খবরে বলা হয়, গতকাল রোববার অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টি সেন্ট্রাল কমিটি পলিটব্যুরোর এক বৈঠকে রি ইয়ং-হোকে সরিয়ে নেওয়ার এ সিদ্ধান্ত হয়। তবে সংক্ষিপ্ত ওই খবরে রি ইয়ংয়ের উত্তরসূরি সম্পর্কে কিছু জানানো হয়নি।সংক্ষিপ্ত এক বিবৃতিতে পার্টি জানায়, ‘অসুস্থতার’ কারণে রি ইয়ংকে অপসারণ করা হয়। বিবিসির সিউল সংবাদদাতা লুসি উইলিয়ামসন বলেন, অসুস্থতার ওই ব্যাখ্যা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। বিবিসির খবরে বলা হয়, উত্তর কোরিয়ার সেনাপ্রধানের পাশাপাশি রি ইয়ং-হো ছিলেন দেশটির শক্তিশালী সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান। এ ছাড়া ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বিভিন্ন উচ্চপদেও ছিলেন তিনি।উনের হাতে উত্তর কোরিয়ার নতুন নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই সামরিক প্রধানের অপসারণকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বিশ্লেষকেরা।উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং উনের বাবা কিম জং-ইলের শাসনামলে তিন বছর আগে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান রি ইয়ং-হো। গত ডিসেম্বরে কিম জং ইল মারা যান।