উত্তর কোরিয়ায় এক মার্কিন নাগরিকের আট বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে প্রবেশ করায় উত্তর কোরিয়া এক মার্কিন নাগরিককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। কর্তৃপক্ষ আজ বুধবার এ তথ্য জানিয়েছে। সিদ্ধান্তটি ওয়াশিংটন ও উত্তর কোরিয়ার মধ্যের সম্পর্ক আরও শীতল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উত্তর কোরিয়া বলেছে, গত মাসে বোস্টন থেকে আগত ৩০ বছর বয়সী আইজালন মাহলি গোমেজকে অবৈধভাবে প্রবেশ করার জন্য আদালতের সম্মুখীন করা হয়। গোমেজ জানুয়ারিতে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন।কোরীয় সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, দেশটির অপরাধ আইন অনুযায়ী গোমেজের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত হয়। অভিযুক্ত ব্যক্তি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন বলে জানানো হয়। সুইডেন দূতাবাসের প্রতিনিধিরা প্রত্যক্ষদর্শী হিসেবে এ সময় আদালতে উপস্থিত ছিলেন। উত্তর কোরিয়ায় সুইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে থাকে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। কেননা, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।গোমেজের একজন সহকর্মী বলেন, উত্তর কোরিয়ায় প্রবেশের আগে তিনি দুই বছর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি ইংরেজি মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন। তিনি প্রোটেস্ট্যান্ট চার্চের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।উত্তর কোরিয়া এর আগেও বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করে বিভিন্ন সময় সুবিধা আদায়ের চেষ্টা করে। ঘটনাটি এমন সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেওয়ার জন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করছিল।