উত্তর কোরিয়ায় নতুন সেনাপ্রধান নিয়োগ
উত্তর কোরিয়ায় কর্তৃপক্ষ গতকাল সোমবার নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে। নতুন সেনাপ্রধানের নাম হেয়ং ইয়ং চোল। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএর বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করা হয়েছে।এর এক দিন আগে রি ইয়ং-হোকে সেনাপ্রধানসহ সব ধরনের সরকারি পদ থেকে অপসারণ করা হয়। কেসিএনএ বলেছে, গত রোববার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর (প্রবীণ নির্বাহী পরিষদ) এক বৈঠকে রিকে অপসারণের সিদ্ধান্ত হয়।ক্ষমতাসীন দল বলেছে, শারীরিক অসুস্থতার কারণে রি ইয়ংকে তাঁর সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, রি ইয়ংকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে যা বলা হয়েছে, তা নিয়ে অনেকের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে।কেসিএনএ জানায়, গতকাল দেশটির ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সেনা কমিশন ও জাতীয় প্রতিরক্ষা কমিশন হেয়ং ইয়ং চোলকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।হেয়ং ইয়ং চোল তেমন একটা পরিচিত মুখ নন। ২০১০ সালের সেপ্টেম্বরে অন্য পাঁচজনের সঙ্গে তিনি জেনারেল পদে উন্নীত হন। ওই পাঁচজনের মধ্যে দেশটির বর্তমান নেতা কিম জং-উন ও তাঁর বাবার বোন কিম কোয়ং-হুই আছেন।হেয়ং ইয়ং চোল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ১২০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে তিনি দলের কেন্দ্রীয় কমিটির শক্তিশালী সামরিক কমিশনে যোগ দেননি। কিম জং-উন এই কমিশনের চেয়ারম্যান।বিশ্লেষকেরা বলেন, সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার বিষয়টি উত্তর কোরিয়ার বাইরের জনগণের মধ্যেও বিস্ময়ের সৃষ্টি করেছে। উত্তর কোরীয় নেতা কিম জং-ইলের মৃত্যুর পর তাঁর ছেলে ও দেশটির বর্তমান নেতা কিম জং-উনের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে বিদায়ী সেনাপ্রধান রি ইয়ং-হোর বিশেষ ভূমিকা ছিল বলে মনে করা হয়।