উত্তর কোরীয় নেতা কিম জং ইলের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের উত্তরসূরি নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই লক্ষ্যে কিম জং ইলের তৃতীয় ছেলে কিম জং উনকে ইতিমধ্যেই ‘জেনারেল’ হিসেবে দেশবাসীর সামনে রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনকে বাবা কিম জং ইলের নাম উল্লেখ না করেই ‘জেনারেল’ হিসেবে পরিচয় করানো হয়। আজ মঙ্গলবার দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনের আগেই কিম জং উনকে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে তাঁকে তাঁর বাবার উত্তরসূরি নির্বাচিত করার প্রক্রিয়াও বেশ খানিকটা এগিয়ে থাকল। ১৯৭০ সালে ওয়ার্কার্স পার্টির এমনি এক সম্মেলনে ঠিক একই প্রক্রিয়ায় কিম জং ইলকে ‘প্রিয় নেতা’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। কিম জং ইল তাঁর বাবা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সাংয়ের মৃত্যুর পর ১৯৯৪ সালে দেশটির রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন।৬৮ বছর বয়সী কিম জং ইল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা ব্যাধিতে ভুগছেন। দুই বছর আগে ২০০৮ সালে কিম জং ইল স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে কথিত রয়েছে। এরপর কিম জং ইল বেশ কয়েকবার চিকিৎসার জন্য চীনে গিয়েছিলেন। তবে এ ব্যাপারে পিয়ংইয়াং ও বেইজিং কোনো পক্ষই পরিষ্কার করে কিছু জানায়নি।এদিকে কিম জং ইলের ছেলে কিম জং উন বয়সের দিক দিয়ে অত্যন্ত নবীন হওয়ায় বিশ্লেষকেরা নেতৃত্বের ব্যাপারে তাঁর সক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেছেন। কিম জং উন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, তাঁর বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে এবং তিনি সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন।এদিকে প্রেসিডেন্ট কিম জং ইলের উত্তরসূরি নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র সতর্ক দৃষ্টি রাখছে বলে রয়টার্স উল্লেখ করেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া অবশ্য জানায়নি।এই ধরনের গুজব এ কারণেই গুরুত্ব পাচ্ছে যে, কিম জং ইল নিজেও ১৯৮০ সালে ওয়ার্কাস পার্টির সর্বশেষ সম্মেলনে ঠিক একইভাবে তার পিতা কর্তৃক দলটির নেতা নির্বাচিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলছেন, উত্তর কোরিয়ায় নেতৃত্ব নির্বাচন নিয়ে সেখানে কি হচ্ছে, তা নিয়ে এখনই কিছু বলা ঠিক হবে না। তবে যুক্তরাষ্ট্র সতর্কভাবে ঘটনা-প্রবাহ পর্যবেক্ষণ করছে। গতকাল সোমবার গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনাবাহিনী কিম জং উনকে ওয়ার্কাস পার্টির সম্মেলনে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে। -বিবিসি।