উত্তর খুঁজছেন সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শুরু দুপুর আড়াইটায়। ডেপুটি মিসবাহ-উল-হক ও কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে ১২টার দিকে উইকেট দেখতে গেলেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। তখনই অর্ধেক ভরে ওঠা গ্যালারিতে তুমুল উল্লাস, করতালি। পাকিস্তান দল যখন স্ট্রেচিং করতে নামল, আবারও গ্যালারির একই রকম অভিবাদন। প্রেমাদাসার গ্যালারিতে পাকিস্তান সমর্থকও কিছু ছিল, কিন্তু এই সামান্য কজনের গলার জোর এত হওয়ার কথা নয়। মনে হলো, নিজেদের ঘর হারানো এই ক্রিকেট যাযাবরদের কিছুটা ঘরের স্বাদ দিতে চায় শ্রীলঙ্কার দর্শকেরা।ম্যাচ শুরু হতেই বোঝা গেল ওসব ছিল স্রেফ অতিথিপরায়ণতা। পাকিস্তানের ব্যাটসম্যানরা রান নিলে গ্যালারি প্রায় নিস্তব্ধ, উইকেট পড়লে উত্তাল। শ্রীলঙ্কার ইনিংসের সময় উল্টো। ম্যাচ শেষে গ্যালারিতে কবরের নিস্তব্ধতা, দর্শকেরা বাড়ি ফিরলেন ভারাক্রান্ত মনে। আর এই যে স্বাগতিকদের হূদয় ভেঙে দেওয়া, এটাকেই ম্যাচ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি মানছেন আফ্রিদি, ‘অনেক বড় জয় এটি। দেশের মাটিতে পরিচিত দর্শকের সামনে কোনো দলকে হারানো বিশাল ব্যাপার। বিশেষ করে শ্রীলঙ্কার মতো দলকে, দেশের মাটিতে সব সময়ই যারা অন্য রকম। যারা বেশ কিছুদিন ধরে দারুণ ফর্মেও আছে। এই জয়ে সবার আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা এবং বাড়বেও।’সাম্প্রতিক ফর্ম, দেশের মাটি সব মিলিয়ে শ্রীলঙ্কাই ছিল ফেবারিট। কিন্তু প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন কি আর ফেবারিট তত্ত্ব খাটে? আবার সেটি যখন বিশ্বকাপে! বিশ্বকাপের পাকিস্তানকে এখন শ্রীলঙ্কার দুঃখ বলেই ফেলা যায়। প্রথম পাঁচ বিশ্বকাপে ছয়বার মখোমুখি হয়েও জিততে পারেনি শ্রীলঙ্কা। পরের চার বিশ্বকাপে দেখা নেই দুই দলের। এবার আবার যখন হলো, তার আগের সর্বশেষ ১১ ম্যাচের আটটিতেই জিতেছিল শ্রীলঙ্কা। কিন্তু বিশ্বকাপে যথারীতি সেই পুরোনো গল্প, ৬-০ থেকে পাকিস্তান এগোলো ৭-০। রহস্যের কোনো কূল-কিনারা করতে পারছেন না কুমার সাঙ্গাকারাও, ‘উত্তর আমিও খুঁজে বের করার চেষ্টা করছি কেন বিশ্বকাপে ওদের বিপক্ষে আমরা পারি না! তবে আজ ওরা সব বিভাগেই আমাদের চেয়ে ভালো খেলে জিতেছে।’পাকিস্তান সব বিভাগেই শ্রেয়তর ছিল, কথাটা মনে হয় খুব বেশি ভেবেচিন্তে বলেননি লঙ্কান অধিনায়ক। না হলে পাকিস্তানের ফিল্ডিং তো ছিল জঘন্য। মোটামুটি হাফ ডজন ক্যাচ ছেড়েছে তারা, যার বেশির ভাগই লোপ্পা। রান আউট মিসের তো কোনো হিসাব নেই। পাকিস্তান ক্রিকেটের চির পরিচিত দৃশ্য বলেই হয়তো ব্যাপারটাকে দৃষ্টিকটু লাগে না! তবে আফ্রিদির ভাবনায় ফিল্ডিং দুশ্চিন্তা ঠিকই ঢুকেছে, ‘৯৬ রানে ওদের ৪ উইকেট নেওয়ার পরই আসলে ম্যাচে ৮০-৮৫ ভাগ আমাদের জেতা হয়ে গিয়েছিল। কিন্তু তার মানে এই নয় যে এভাবে ক্যাচ ফেলতে হবে। ছেলেরা আসলেই কিছুটা রিল্যাক্সড হয়ে পড়েছিল। নিউজিল্যান্ড সফরে কিন্তু আমাদের ফিল্ডিং দারুণ হয়েছিল। জানি না আজ কেন এত ক্যাচ পড়ল, রান আউট মিস হলো। না শোধরালে সামনে অনেক ঝামেলায় পড়তে হবে। ৯০ থেকে ৯৫ ভাগ ম্যাচ তো ফিল্ডিংও জেতায়।’আফ্রিদি যেমন এমন জয়ের মধ্যেও দু-একটি ছিদ্র খুঁজে বেড়াচ্ছেন, সাঙ্গাকারা তেমনি পরাজয়ের মধ্যেই খুঁজে ফিরছেন ভবিষ্যতের পাথেয়, ‘হেরাথ ও মুরালি যেভাবে বোলিং করেছে, অসাধারণ। ফাস্ট বোলাররা শুরুটা ভালো করতে না পারলেও খুব ভালো কামব্যাক করেছে। ওপেনিং জুটি ছিল দুর্দান্ত। কুলাসেকেরা দেখিয়েছে ওর ব্যাটের হাত মন্দ নয়। চামারার ব্যাটিং, অ্যাঞ্জেলোও ভালো করেছে। বেশ কিছু ইতিবাচক দিক, যা আমাদের সামনে কাজে লাগবে।’একটা ব্যাপারে দুই অধিনায়কই একমত। বিশ্বকাপের শুরুর আগের ‘বিপজ্জনক’ পাকিস্তান এখন বিশ্বকাপের অন্যতম ফেবারিট। সাঙ্গাকারা তো আরও এক কাঠি এগিয়ে বলে দিলেন, ‘পাকিস্তান প্রমাণ করেছে মাঠে নামার সময় ওরা কতটা গর্ব নিয়ে নামে।’ ঝামেলা হলো, গর্বের ব্যাপারটা বেশির ভাগ সময়ই যে মনে থাকে না তাদের!