উত্তর চট্টগ্রামে ২৮ রুটে পরিবহন ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ দফা দাবিতে চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম নগর থেকে খাগড়াছড়ি ও রাঙামাটির ২৮টি রুটে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে। এই আকস্মিক ধর্মঘটের কারণে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। উত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছে। পরিষদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে—পুলিশি নির্যাতন বন্ধ, টার্মিনাল নির্মাণ, ফটিকছড়ির চট্টগ্রাম জেলা কার-মাইক্রো-জিপ শ্রমিক ইউনিয়ন কার্যালয় ফেরত প্রদান প্রভৃতি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) এই ধর্মঘটে সমর্থন দিয়েছে।জানা গেছে, আজ সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হয়। ফলে চট্টগ্রাম থেকে ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়াসহ রাঙামাটি ও খাগড়াছড়িতে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের অনেকেই আগে থেকে এই ধর্মঘটের ব্যাপারে জানতেন না। ফলে সকালে বাস টার্মিনালে গিয়ে তাঁরা ফেরত আসেন। অনেককে সিএনজিচালিত অটোরিকশা কিংবা রিকশায় চেপে গন্তব্যে যেতে দেখা গেছে।এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সভাপতি মৃণাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ ধর্মঘট চলছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধর্মঘট চলবে। এর পর বৃহত্তর চট্টগ্রামেও কর্মসূচি দেওয়া হতে পারে।’