উত্তর চট্টগ্রামের ২৮ রুটে পরিবহন ধর্মঘট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ দফা দাবিতে চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি এবং রাঙামাটির ২৮টি রুটে গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের কারণে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন। উত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়।জানা গেছে, গতকাল সকাল ছয়টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়। ফলে চট্টগ্রাম থেকে ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়াসহ দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে বাস চলাচল বন্ধ থাকে। ধর্মঘটের বিষয়টি না জানা যাত্রীরা সকালে বাস টার্মিনালে গিয়ে ফেরত আসেন। অপেক্ষাকৃত কাছের যাত্রীদের অনেককে সিএনজিচালিত অটোরিকশা কিংবা রিকশাযোগে গন্তব্যে যাত্রা করতে দেখা গেছে। বাস ধর্মঘটের সুযোগে অটোরিকশাচালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন।বাবুর্চির সহকারী হিসেবে কাজ করা নূরজাহান বলেন, ‘আমরা সাতজন হাটহাজারীতে একটি বিয়ের অনুষ্ঠানের মসলা বাটতে যাব। কিন্তু আমরা জানতাম না ধর্মঘট। সিএনজি অটোরিকশায় প্রতিজনের জন্য ৫০ টাকা দাবি করছে। আমাদের কাছে অত টাকা নেই।’ ফলে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত তাঁদের অক্সিজেন মোড়ে দাঁড়িয়ে থাকতে হয়। অক্সিজেন থেকে হাটহাজারীর বাসভাড়া ২০ টাকা।জানা গেছে, ১১ দফার মধ্যে রয়েছে পুলিশি নির্যাতন বন্ধ, টার্মিনাল নির্মাণ, ফটিকছড়ির চট্টগ্রাম জেলা কার-মাইক্রো-জিপ শ্রমিক ইউনিয়ন কার্যালয় ফেরত প্রদান। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) এই ধর্মঘটে সমর্থন দেয়। এ প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ ধর্মঘট চলেছে। এরপর বৃহত্তর চট্টগ্রামেও কর্মসূচি দেওয়া হতে পারে।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সংগ্রাম পরিষদের লোকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগরের মধ্যে চলাচলকারী বেসরকারি বাস তরী পরিবহনের চলাচলেও বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তরী পরিবহনের বাস চলাচল করেনি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।তরী পরিবহনের লাইনম্যান মো. ঝন্টু মিয়া প্রথম আলোকে বলেন, ‘সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটে আমাদের সমর্থন ছিল না। কিন্তু তাদের লোকজন তরী পরিবহনের চালক ও চালকের সহকারীদের কাছ থেকে চাবি কেড়ে নেন এবং লাঞ্ছিত করেন। এ কারণে বিশ্ববিদ্যালয় ও নগরের মধ্যে তরী পরিবহন চলাচল করেনি।যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বেলাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে জরুরি কাজ ছিল। কিন্তু তরী চলাচল না করায় ক্যাম্পাসে যাওয়া সম্ভব হয়নি।