উত্তর-দক্ষিণে দুই ভাগ হচ্ছে ঢাকা সিটি করপোরেশন
বিপুল জনসংখ্যা আর বিশাল আয়তনের ঢাকা সিটি করপোরেশনকে আরও কার্যকর সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে একে দুটি ভাগে ভাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই অনুযায়ী করপোরেশনের নতুন নাম হবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বর্তমানের ৯০টি ওয়ার্ডকে দুই ভাগ করে উত্তর ও দক্ষিণের সীমানা নির্ধারণ করা হবে। থাকবেন দুজন মেয়র। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধন করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে সংশোধনীর খসড়াও তৈরি করা হয়েছে। প্রস্তাবিত আইনে পাঁচ বছরের মেয়াদ শেষ হলে নির্বাচিতদের পদের স্বাভাবিক অবসানের বিধান রাখা হয়েছে। মেয়াদ শেষ হলে পরবর্তী নির্বাচন পর্যন্ত মেয়রের পরিবর্তে একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। নতুন আইন পাস করেই ঢাকা সিটি করপোরেশনের আগামী নির্বাচন করার পরিকল্পনা করছে সরকার। জানা গেছে, ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি করপোরেশন এলাকার ১৫ জন সাংসদকে নিয়ে বৈঠক করেন। সেখানে স্থানীয় সরকারের অন্যতম প্রতিষ্ঠান সিটি করপোরেশনের কর্মকাণ্ড এবং এর সক্ষমতা নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই প্রধানমন্ত্রী ঢাকা সিটি করপোরেশনকে ভেঙে দুটি করপোরেশন করার নির্দেশনা দেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী সভায় বলেছেন, একজন মেয়র আর ৯০ জন কাউন্সিলরের পক্ষে দেড় কোটি নাগরিককে কোনোভাবেই সেবা দেওয়া সম্ভব নয়। এ জন্য কমপক্ষে ঢাকাকে দুটি সিটি করপোরেশনে ভাগ করতে হবে। তিনি সংসদের আগামী অধিবেশনেই এ-সংক্রান্ত বিল আনার নির্দেশনা দেন। জানা গেছে, ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ এ-সম্পর্কিত সংশোধিত আইনের প্রাথমিক খসড়া তৈরি করেছে। ঢাকাসহ সব সিটি করপোরেশনকে এ আইনের আওতায় রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাম অন্তর্ভুক্ত করা হবে। আইন পাস হওয়ার পর পৃথক দুটি সিটি করপোরেশনের সীমানা নির্ধারণের কাজ শুরু হবে। সম্ভাব্য মামলাজনিত জটিলতা এড়াতে আপাতত ৯০টি ওয়ার্ডের কোনোটিই ভাঙা হবে না। ৪০ থেকে ৪৫টি পুরোনো সীমানার ওয়ার্ড নিয়েই নতুন একেকটি সিটি করপোরেশন হবে। প্রশাসকের মেয়াদও নির্দিষ্ট করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকার সাংসদদের বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ নির্বাচনী এলাকার সাংসদ জাহাঙ্গীর কবির নানক। গতকাল শনিবার তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা সিটি করপোরেশনকে ভেঙে দুটি সিটি করপোরেশন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সবাই জানেন, প্রায় দেড় কোটি লোকের বিশাল এ শহরকে একটি সিটি করপোরেশনের পক্ষে সামাল দেওয়া অসম্ভব। বিষয়টি উপলব্ধি করে প্রধানমন্ত্রী ঢাকার সাংসদদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সিটি করপোরেশনকে কার্যকর করতেই এ আইনের খুঁটিনাটি কিছু সংশোধন ও পরিমার্জন করা প্রয়োজন।জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত আইনের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। খসড়ার ওপর স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির মতামতও চাওয়া হয়েছে।কমিটির সভাপতি রহমত আলী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, শুধু ঢাকা সিটি করপোরেশন নয়, সব সিটি করপোরেশনে মেয়াদ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসক নিয়োগের বিধানের জন্য নতুন সংশোধনীর প্রয়োজন। এটা থাকলে ঢাকার মেয়রের মতো পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে কেউ আট বছর ক্ষমতায় থাকতে পারতেন না। দুর্নীতিও এত হতো না। জানা গেছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৩(১) ও ৬ অনুচ্ছেদ সংশোধন করা হচ্ছে। বর্তমান আইনের ৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের অধীনে প্রতিষ্ঠিত ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশন হিসেবে গণ্য হবে। এখানে ঢাকার স্থলে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সংযোজন করে করপোরেশনের সংখ্যা বাড়ানো হবে। আইনের ৬ অনুচ্ছেদ সংশোধন করে প্রস্তাব করা হয়েছে, পাঁচ বছর মেয়াদ শেষে পূর্ববর্তী পরিষদ আপনাআপনি বিলুপ্ত হয়ে যাবে এবং পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই অন্তর্বর্তী সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগ প্রশাসনিক আদেশে একজন প্রশাসক নিয়োগ করতে পারবে। প্রশাসকের মেয়াদ তাঁর নিয়োগের চিঠিতে উল্লেখ করা থাকবে। বর্তমান আইনে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পর নবনির্বাচিত সিটি করপোরেশনের প্রথম সভা না হওয়া পর্যন্ত মেয়র দায়িত্ব পালন করে যাবেন।স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বিলুপ্ত স্থানীয় সরকার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, বিশাল ঢাকা সিটিকে ভেঙে দুটি সিটি করপোরেশন করার উদ্যোগ অবশ্যই ভালো। তবে শুধু ভাগ করলেই লাভ হবে না। এর কাঠামোগত কিছু বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে কলকাতা পৌরসভা মডেল হতে পারে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান ঢাকা সিটি করপোরেশন এলাকার আয়তন প্রায় ৩৬০ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা প্রায় দেড় কোটি। ভোটার সংখ্যা ৩৭ লাখ ৫৫ হাজার ৬৯০ জন। ২০০৭ সালের ১৪ মে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়।চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার আয়তন প্রায় ১৫৫.৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৪৫ লাখ। ভোটার সংখ্যা ১৭ লাখ তিন হাজার ৯৯২। প্রায় ২৭ বর্গকিলোমিটার আয়তনের সিলেট সিটি করপোরেশন এলাকার লোকসংখ্যা প্রায় সাত লাখ। রাজশাহী সিটি করপোরেশন এলাকার আয়তন প্রায় ৯৬.৭২ বর্গকিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় চার লাখ। ৪৫ বর্গকিলোমিটার আয়তনের বরিশাল সিটি করপোরেশনের লোকসংখ্যা প্রায় ছয় লাখ। আর খুলনা সিটি করপোরেশনের আয়তন ৪৫.৬৫ বর্গকিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় ১৫ লাখ।