উত্তর-পশ্চিম তুরস্কে ভূমিকম্পে নিহত ৩, আহত ৭৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল বৃহস্পতিবার রাতে মাঝারি তীব্রতার এক ভূমিকম্প আঘাত হানে। এতে তিন ব্যক্তি নিহত এবং ৭৯ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে কুতাইয়া প্রদেশের সিমভ শহরে ৫ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্প হয়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে তারা ৬ তীব্রতার ভূমিকম্প রেকর্ড করেছে। সেখানে আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে বলেও তারা জানিয়েছে। কুতাইয়া প্রদেশের গভর্নর কেনান কিফটসি জানিয়েছেন, ভূমিকম্পে মোট তিন ব্যক্তি নিহত হয়। বেশ কিছু ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে। দেশটির কর্মকর্তারা জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুল নগরেও ভূমিকম্প অনুভূত হয়। উল্লেখ্য, ১৯৯৯ সালে তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ২০ হাজার মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।