উত্তর-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মোহমান্দ উপজাতীয় এলাকায় আজ সোমবার সরকারের একজন পদস্থ কর্মকর্তার কার্যালয়ে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ নিহত হয়েছে। কর্মকর্তারা এ তথ্য জানান। আমজাদ আলী খান নামে ওই পদস্থ কর্মকর্তা টেলিফোনে জানান, দুজন বোমা বহনকারী হেঁটে দালানে প্রবেশ করেন। প্রথমজন তাঁর এক সহকারীর কার্যালয়ে এসেই বোমার বিস্ফোরণ ঘটান এবং দ্বিতীয়জনকে প্রহরীরা ধরে ফেললে তিনিও বোমার বিস্ফোরণ ঘটান। অবস্থাদৃষ্টে এ হামলাকে আত্মঘাতী মনে হচ্ছে বলে তিনি জানান। আমজাদ আলী খান হামলার মূল লক্ষ্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মোহমান্দ এলাকার একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, বোমা হামলায় দালানের বেশ কয়েকটি কক্ষ বিধ্বস্ত এবং অনেকেই আহত হয়েছে। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা একের পর এক আক্রমণ করে আল কায়েদা-সংশ্লিষ্ট পাকিস্তানি তালিবান জঙ্গিদের দুর্বল করে দিয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, আক্রমণের সময় জঙ্গিরা পালিয়ে যায়। প্রসঙ্গত, মোহমান্দ পাকিস্তানের একটি উপজাতি অধ্যুষিত এলাকা। আফগান সীমান্তের পাশের সব এলাকা দেশের প্রচলিত আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত নয়। —রয়টার্স